ঘুষখোর-ঘুষ চাইলে জানান-
স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, কোনো কাজ করে দিতে কেউ ঘুষ চাইলে সরাসরি দুদককে জানান। ঘুষ ছাড়াই আপনার কাজটি করে দেয়ার ব্যবস্থা করা হবে। আবার ঘুষখোর কর্মীর সাজাও নিশ্চিত করা হবে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষসহ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিয়ময়ে এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘যদি কেউ ঘুষ চায় তাহলে আপনারা আমাদের কাছে আসুন। আপনার কাজের কোনো ক্ষতি হবে না, আপনার কাজ ওই দিনই করা হবে এবং ঘুষখোরকেও ধরা হবে।’দুদকে ঘুষসহ দুর্নীতির তথ্য জানাতে সংস্থায় স্বশরীরে আসতে হয় না বলে জানিয়েছেন এর কর্মকর্তারা। টোল ফ্রি নম্বর ১০৬ এ ফোন করেই অভিযোগ জানানো যায়। ২০১৭ সালের ২৯ জুলাই এই হটলাইনটি চালু করা হয়েছে।
ঘুষ গ্রহীতার পাশাপাশি যারা ঘুষ দেন, তাদেরকেও শাস্তির আওতায় আনতে চায় দুদক। চেয়ারম্যান বলেন, ‘ঘুষ দেয়া ও নেয় দুটোই সমান অপরাধ। তবে সেধে যারা ঘুষ দেবে তাদের দুইজনের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিব।’



