• রোববার , ২৬ জুলাই ২০২৬

এসবিএসি’র ৪০০কোটি টাকা জালিয়াতদের বিদেশ যাত্রা বন্ধ


প্রকাশিত: ৬:৫৪ পিএম, ২৯ নভেম্বর ২১ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৬৭ বার

কোর্ট রিপোর্টার : ৪০০ কোটি টাকারও বেশি ঋণ জালিয়াতির দায়ে অভিযুক্ত সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংক লিমিটেডের (এসবিএসি) সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনসহ ৫জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। অর্থ আত্মসাতের অভিযোগে এবং আমজাদ ও তার সহযোগী তপুসহ ৭ জনের বিরুদ্ধে গত ২১ অক্টোবর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।আদালতে আসামিপক্ষে ছিলেন হুমায়ন কবির। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

পাঁচ আসামি হলেন- সাউথবাংলা ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহা. মঞ্জুরুল আলম, এক্সিকিউটিভ অফিসার ও ক্রেডিট ইনচার্জ নজরুল ইসলাম, ব্যাংকটির খুলনার শাখার সাবেক এমটিও ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র অফিসার তপু কুমার সাহা, বিদ্যুৎ কুমার মন্ডল ও মারিয়া খাতুন।আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিক বলেন, দুর্নীতি মামলায় এ আসামিরা জামিন আবেদন করেন। পর আবেদনটি শুনানির জন্য তালিকায় এলে তারা হাজির হননি। এর আগেও একদিন তালিকায় ছিল সে দিনও আসেনি। এরপর আজকে তারা নট প্রেস (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) চেয়েছেন। পরে আদালত তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃংঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছে।

অর্থ আত্মসাতের অভিযোগে সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংক লিমিটেডের (এসবিএসি) সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন এবং তার সহযোগী তপুসহ ৭ জনের বিরুদ্ধে গত ২১ অক্টোবর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলার এজাহারে বলা হয়, কমপক্ষে চারটি দেশে টাকা পাচার করেছেন এস এম আমজাদ হোসেন। ৪০০ কোটি টাকারও বেশি ঋণ জালিয়াতির দায়ে অভিযুক্ত আমজাদের বিরুদ্ধে ২০ কোটি টাকার ঋণ জালিয়াতির প্রাথমিক প্রমাণ পেয়ে মামলা করেন তদন্ত কর্মকর্তা সংস্থার উপ-পরিচালক গুলশান আনোয়ার।