৮০ কোটি টাকা আত্মসাতকারী প্রতারকচক্র দৈনিক জনকণ্ঠ বন্ধ’র ভুয়া খবর ছড়াচ্ছে
স্টাফ রিপোর্টার : গ্লোব জনকন্ঠ শিল্প পরিবারের ৮০ কোটি টাকা আত্মসাতকারী প্রতারকচক্র দৈনিক জনকণ্ঠের কার্যক্রম বন্ধের ভুয়া খবর ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জনকণ্ঠের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, এই খবর সত্য নয় এটি পুরো ভুয়া। এই ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানানো হয়েছে ফেসবুক পোস্টে।
একই সঙ্গে দৈনিক জনকণ্ঠ এবং গ্লোব জনকন্ঠ শিল্প পরিবারের হেড অব এইচ আর এন্ড অ্যাডমিনিস্ট্রেশন মোঃ শহিদুল ইসলাম গতকাল একটি জিডি দাযের করেন হাতিরঝিল থানায়। জিডি নম্বর ৬৬, তারিখ: ০১/০৪/২০২৬। জিডিতে বলা হয়, আমাদের প্রতিষ্ঠানে অফিসিয়াল ওয়েবসাইট https://www.dailyjanakantha.com বর্তমানে কারিগরি উন্নয়নজনিত কারণ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
এই অবস্থায় অজ্ঞাতনামা বিবাদীগণ https://dailyjanakantho.com/ ওয়েবসাইট দিয়ে আমাদের প্রতিষ্ঠানে নাম, লেগো, ডিজাইন ও ই-পেপার হুবহু নকল করে সংবাদ প্রকাশ করছে (২৯/০৩/২০২৬ পত্রিকা, জিডিতে সংযুক্ত)। উল্লেখ্য যে, অজ্ঞাতনামা বিবাদীগণের ওয়েবসাইটে “রাশেদ রহমান” নামে একজনকে লেখক/সংবাদদাতা হিসেবে প্রদর্শন করা হচ্ছে, যা আমাদের প্রতিষ্ঠানে সাথে সম্পূর্ণ অসংশ্লিষ্ট। উক্ত বিষয়ে ভবিষ্যৎতের জন্য সাধারণ ডায়েরীভুক্ত করা একান্ত প্রয়োজন। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভুক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন মর্মে জনাবের মর্জি হয়।
ওদিকে ফেসবুকে নিজেদের অবস্থান পরিস্কার করে জনকণ্ঠ দাবি করেছে, প্রতিষ্ঠানের প্যাড ব্যবহার করে সম্পাদকের স্বাক্ষর নকল করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে এ সম্পর্কে মালিক পক্ষ অবগত নয়। এর আগে গণমাধ্যমে প্রচারিত খবরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক জনকণ্ঠ পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। তবে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার লিমিটেডের কাজ আগামী ২১ এপ্রিল থেকে পুনরায় শুরু হবে।
জনকণ্ঠের দেওয়া প্রতিবাদলিপিতে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক শামীমা আতিকুল্লাহ খান বলেন, “কিছু গণমাধ্যমে অনলাইনে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে যে দৈনিক জনকণ্ঠের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে – যা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। এ ধরনের সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।”
তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির সময় জনকণ্ঠ শিল্প পরিবারের ভবনে বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য অবকাঠামোগত সংস্কার কাজ চলমান রয়েছে। উক্ত সংস্কার কার্যক্রম সম্পূর্ণ না হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু করা সম্ভব হয়নি।
তবে ইতোমধ্যে ১ এপ্রিল থেকে অফিসের কার্যক্রম ধাপে ধাপে পুনরায় শুরু হয়েছে এবং আগামী ২০ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম স্বাভাবিক হবে। গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “সঠিক ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। জনকণ্ঠকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।




