• রোববার , ২৬ জুলাই ২০২৬

সরকারি চাকরি-বয়স ৩৫বছর হচ্ছে!


প্রকাশিত: ৮:০৬ পিএম, ২৭ জুন ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২১৩ বার

ca975913-d6d0-4ab7-9f5d-c9df0b57e310
স্টাফ রিপোর্টার :  সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর এবং অবসরে ক্ষেত্রে ৬৫ বছর করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। এই সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বলেছে সংসদীয় কমিটি।

বৈঠক শেষে কমিটির সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ সাংবাদিকদের বলেন, বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩০ বছর। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রস্তাবটি দীর্ঘ দিন ধরে বিবেচনাধীন ছিল। কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ করা হয়েছে। সর্বসম্মত এই সুপারিশ গ্রহণের পাশাপাশি অবসরের বয়সসীমা ৬৫ বছর করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান সরকারের আমলেই এই সুপারিশ বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন মুস্তফা লুৎফুল্লাহ।

কমিটি সূত্র জানায়, সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা বাড়ানোর বিষয়ে বেশকিছু যুক্তিকে বিবেচনায় নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে উন্নত দেশগুলো তাদের জনগণকে মানবসম্পদে রূপান্তরের ক্ষেত্রে বয়সের কোনো সীমারেখা নির্দিষ্ট করেনি। পাশ্ববর্তী দেশসমূহ ওই সব দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা আমাদের দেশের তুলনায় অনেক বেশি। ভারতের পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ বছর, শ্রীলঙ্কায় ৪৫ বছর, ইন্দোনেশিয়ায় ৩৫ বছর, ইতালীতে ৩৫ বছর, ফ্রান্সে ৪০ বছর এবং অনেক দেশে অবসরের আগের দিন পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্র মতে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে সাধারণ ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠন দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে। ইতিপূর্বে জেলা প্রশাসকদের সম্মেলনেও বয়সসীমা বাড়ানোর প্রস্তাব করা হয়। আর সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরাও ইতিপূর্বে জাতীয় সংসদে প্রস্তাবটি উত্থাপন করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

কমিটির বৈঠকে আলোচনা শেষে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ও অনিয়মের সুযোগ থাকায় এ পদ্ধতি বাতিল করে স্থানীয়ভাবে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ ও নিবন্ধনের মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়। আর শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে উপজেলার আকার, ইউনিয়ন সংখ্যা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবং স্কুল কলেজ সরকারিকরণে বাস্তব অবস্থা বিবেচনার পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসারদের পুরাতন গাড়ি বদলে নতুন গাড়ি ও অ্যাসিল্যান্ডদের নতুন গাড়ি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ দেওয়া হয়।বৈঠকে জানানো হয়, ২০১৭-২০১৮ অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ১০টি প্রকল্পের বিপরীতে সংশোধিত বাজেটে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৬৩ কোটি ৬৫ লাখ টাকা। গত ১৮ জুন পর্যন্ত এর বাস্তবায়ন অগ্রগতি ৬৩ ভাগ।

বৈঠকে আরও জানানো হয়, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে বিশেষ অনুরোধে চারজন সচিব, ৩৬ জন অতিরিক্ত সচিব, ১১১ জন যুগ্ম সচিব এবং ২০০ জন উপসচিব তিন বছরের অধিককাল ধরে রয়েছেন।কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, খোরশেদ আরা হক, মো. আবদুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।