• রোববার , ২৬ জুলাই ২০২৬

শাবিপ্রবি শিক্ষার্থীদের সমর্থনে ঢাবি শিক্ষকদের প্রতীকী অনশন


প্রকাশিত: ৩:১৬ পিএম, ২৪ জানুয়ারী ২২ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০৫ বার

শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবির সমর্থনে প্রতীকী অনশন শুরু করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে অনশন শুরু করে শিক্ষকদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘একটি দেশের বিশ্ববিদ্যালয়গুলো সবসময় প্রতিবাদে সোচ্চার হয়ে থাকে। যে কোনো অন্যায়-অন্যায্য দাবির বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়। আমাদের দেশের ইতিহাসের দিকে তাকালেও এমনটা দেখা যায়। কিন্তু বর্তমানে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষেই শিক্ষার্থীদের মেরুদণ্ডহীন করে দেওয়া হয়। এরপর যখনই শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে নামে, তখনই তাদের ওপরে নির্যাতন শুরু করা হয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের কাজী মারুফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবি অন্যায় নয়। শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু দাবি না মেনে পুলিশ ডেকে তাদের পেটানো হয়েছে। কোনো উপাচার্য এভাবে ছাত্রদের পেটাতে পারেন না। আর যে উপাচার্যের মনোভাব এমন, তিনি এ পদে থাকার সব যোগ্যতা হারিয়েছেন। তাই শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি।তিনি বলেন, যারা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সমর্থন না জানিয়ে তাদের বিরুদ্ধে কথা বলছেন, এই শিক্ষক সমাজের অংশ হয়ে আমরা লজ্জিত। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার এবং রাষ্ট্র নির্বিকার অবস্থান নিয়েছে। এ জন্য আমরা ক্ষুব্ধ।

প্রতীকী অনশনে অংশ নেওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন- ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোসাহিদা সুলতানা রিতু, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমুদ্দীন খান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, ডেভেলপমেন্ট বিভাগের কাজী মারুফ। ইংরেজি বিভাগের তাসনীম সিরাজ মাহবুব, শান্তি ও সংঘর্ষ বিভাগের ফাহরিনা দূর্রাত, ম্যানেজমেন্ট বিভাগের তাহমিনা খানম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজলি শেহরীন ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাইদ ফেরদৌস, মীর্জা তসলিমা, রেহনুমা আহমেদ প্রমুখ।