যেভাবে ভোট ভিক্ষা চাচ্ছেন জাহাঙ্গীর-
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের প্রত্যেক ভোটারের কাছে গিয়ে গিয়ে বিনয়ের সঙ্গে নৌকা প্রতীকে ভোট
চাওয়ার জন্য যুবলীগ নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেছেন, ‘২৪ ঘণ্টার মধ্যে নৌকার জয় পরাজয় নিশ্চিত হতে পারে— সেক্ষেত্রে যুবলীগের প্রত্যেকটা কর্মীকে একজন করে জাহাঙ্গীর হতে হবে।’
বৃহস্পতিবার বিকেলে মহানগর যুবলীগের আয়োজনে নগরীর সাগর সৈকত কনভেনশন সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘যুবলীগের নেতাকর্মীদের পায়ে হাত রেখে বলছি— আপনারা এখনই বেরিয়ে পড়ুন। ভোট ভিক্ষা চান।’
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, গাজীপুরে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। সিটি করপোরেশন নিয়ে জাহাঙ্গীরের স্বপ্ন এবং তার বাস্তবায়ন নগরবাসীর ভোগান্তি দূর করবে।মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ শীর্ষ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড হাড়িনাল এলাকায় মেয়র প্রাথী জাহাঙ্গীর আলমের সঙ্গে পথসভায় যোগ দেন খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। এরপর খালেক বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেন।
এ সময় খুলনার নবনির্বাচিত এই মেয়র বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ওপর আস্থা রেখে খুলনার মানুষ বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করেছে। গাজীপুরেও নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি আগামী ২৬ জুনের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এর আগে জাহাঙ্গীর আলম নগরীর ২৫ নম্বর ওয়ার্ড ডুয়েট ফটকের সামনে পথসভার মাধ্যমে গণসংযোগ শুরু করেন। পরে বিএনডিসি, পূর্ব ভুরুলিয়া, ২৪ নম্বর শিমুলতলি, চত্বর বাজার, ভানুয়া, ফাওকাল, চাপুলিয়া ২৮ নম্বর উত্তর ছায়াবিথি শ্মশান মোড়, টাঙ্কিমোড়, জোড়পুকুরপাড়, বরুদা, হাড়িনাল, লেবু বাগান, দক্ষিণ ছায়াবিথী মোড়, মাধবাড়ি মোড়, রথখোলা স্টেডিয়াম, ২৬ নম্বরে বিলাশপুর মসজিদের সামনে, মাড়িয়ালী,
নেয়ামত সড়ক, শহীদ স্মৃতি স্কুল ২৭ নম্বরে কাউন্সিলর কার্যালয়ের সামনে, তালুকদারের পুকুর পাড়, কৃষি গবেষণা শ্রমিক ক্লাব ২৯ কাজীবাড়ি, ২৭ নম্বরে পূর্ব চান্দনা, ২৯ নম্বরে ভোড়া কুমারপাড়া, এড ওয়াজউদ্দিন মিয়ার বাড়ির রাস্তার মোড়, ৩১ নম্বরে ভাড়ারুল জামতলা, চৌরাস্তা, ধীরাশ্রম, ৪১ এ পূবাইল কলেজ গেট, ৪২ এ সাবেক ইউনিয়ন পরিষদ, ৪০ মাঝুখান বাজার, ৩৯ এ হায়দরাবাদ মাদ্রাসার সামনে পথসভা এবং গণসংযোগ করেন।
এ সব পথসভায় জাহাঙ্গীর বলেন, গাজীপুরের মানুষ শান্তিপ্রিয়। প্রতিপক্ষ বিএনপি প্রার্থীর ‘৮৬ এবং ‘৮৮ তে কারচুপি করে নির্বাচনে জেতার অভিজ্ঞতা রয়েছে। এখন এলাকায় প্রচারণায় কোনো লোক পাচ্ছেন না। সে কারণে বিএনপি কেন্দ্রীয় নেতাদের প্রেসক্রিপশনে লিখিত বক্তব্য মিডিয়ার সামনে পাঠ করছেন। তিনি প্রতিপক্ষকে ভোটারের ওপর আস্থা রেখে এসব ‘বিভ্রান্তিমূলক বিবৃতি’ দেওয়া বন্ধের আহ্বান জানান।
পথসভাগুলো অন্যদের মধ্যে বক্তব্য দেন কাজী আলীম উদ্দিন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ, আব্দুল হাদি শামিম, মো আমজাদ হোসেন বাবুল, মো. আমানত হোসেন, আব্দুর রাজ্জাক।
বক্তারা বলেন, সব মানুষ চায় এলাকার উন্নয়ন, সারা বাংলাদেশেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের অর্থনৈতিক ও জীবন মান উন্নত হয়েছে। শেখ হাসিনার আস্থাভাজন জাহাঙ্গীর নির্বাচিত হলে গাজীপুর সিটিকে পরিকল্পিত আধুনিক গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলবেন। গাজীপুরের সাধারণ মানুষ এবং সকল পর্যায়ের নেতাকর্মীরা নৌকার জন্য ভোট চাচ্ছে।
এদিকে নগরীর ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, অ্যাডভোকেট কাজী মোরশেদ কামাল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া ৩৮ নম্বর খাইলকুর এলাকায় কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, এস এম কামাল ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। টঙ্গী এলাকায় বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাড়ি এলাকায় গণসংযোগ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওসার, বলরাম পোদ্দার, শাহাজাদা মহিউদ্দিন প্রমুখ।



