‘মেট্রোরেল চালু হবে ২০১৯ সালে’
সংসদ রিপোর্টার : প্রকল্প মেয়াদের আগেই ২০১৯ সালের মধ্যে উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হবে বলে
জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, টার্গেট মোতাবেক রাজধানীবাসী মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।রবিবার (১০ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মমতাজ বেগমের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
তিনি আরও বলেন, ২০২০ সালের মধ্যে মতিঝিল পর্যন্ত সরকার মেট্রোরেল চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মেট্রোরেল প্রকল্পের মেয়াদ ২০১২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। প্রকল্পটি দ্রুত সম্পাদনের জন্য ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
প্রসঙ্গত, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ২০ দশমিক এক কিলোমিটার দীর্ঘ এই রেলপথে ৭৭০টি স্প্যান বসবে। তবে প্রথম পর্যায়ে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে আগারগাঁও পর্যন্ত চলাচলের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে চলছে মেট্রোরেল প্রকল্পের কাজ।
ইতিমধ্যে গত ৭ এপ্রিল রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে দুটি পিলারকে যুক্ত করে প্রথম স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হয় দেশের প্রথম মেট্রোরেল। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দুটি অংশে ভাগ করে মেট্রোরেলের কাজ চলছে। মূল ডিপো নির্মাণ এবং চলাচলের লাইন।
এরই মধ্যে আগারগাঁও পর্যন্ত পাইলিং শেষ হয়েছে। এখন মাটির উপরের অংশে পিলার নির্মাণ করে তার ওপর বসানো হবে স্প্যানগুলো।প্রায় ৫৯ একর জায়গার ওপর নির্মিত হচ্ছে মেট্রোরেলের মূল ডিপো। যেখান থেকে ৪ মিনিট ১৯ সেকেন্ড পর পর ছেড়ে যাবে ৬ জোড়া বগি নিয়ে বিদ্যুৎচালিত অত্যাধুনিক ট্রেন। নির্ধারিত সময়ের আগেই ডিপোর কাজ শেষ হবে।



