ফের জ্বালানি’র দাম বাড়ানোর তোড়জোর
বিশেষ প্রতিনিধি : সস্তায় জ্বালানি আর বেশিদিন দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত থাকবে।
তারপরও বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়বে।মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানিতে সব সময়ই ভর্তুকি ছিল। যে সরকারই আসুক এই ভর্তুকি বন্ধ করতে পারবে না। আগামী বাজেটেও আমাদের এই ভর্তুকি অব্যাহত থাকবে। আন্তর্জাতিক বাজারের চেয়ে কম মূল্যে জনগণকে জ্বালানি দেয়া হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ কারণেই জ্বালানি খাতে প্রতি বছর ভর্তুকি দেয়া হয়।বর্তমান সরকারের আমলে নয় বছরে বিদ্যুতের দাম বেড়েছে আট বার। সবশেষ গত ২৩ নভেম্বর ৫.৩ শতাংশ দাম বাড়ানো হয়। সবশেষ দাম বাড়ানোর পরও বিদ্যুতে সরকারের ভর্তুকি চার হাজার কোটি টাকা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী, কানজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রেসিডেন্ট গোলাম রহমান, জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম, বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহম্মদ ফয়েজউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।



