প্রধানমন্ত্রী নয় যেন লুটেরা-
কুয়ালালামপুর থেকে ইব্রাহীম খলিল : ‘নাজিব রাজাক প্রধানমন্ত্রী নয় যেন লুটেরা তানাহলে জনগনের সম্পদ এভাবে
লুট করে কেউ বাসায় রাখে’।কথাগুলো বললেন মালয়েশিয়ার পুলিশ কর্মকর্তা অমর সিং। তিনি বিস্ময় প্রকাশ করে জানালেন, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে বিভিন্ন মুদ্রায় প্রায় ৩ কোটি ডলারের সমপরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে।
রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানো হয় বলে শুক্রবার মালয়েশিয়া পুলিশ জাতিরকন্ঠ প্রতিনিধিকে জানান।পুলিশ জানায় গত সাত দিনে নাজিব রাজাকের বাড়ি এবং অন্যান্য স্থানের পাশাপাশি কুয়ালালামপুরে অ্যাপার্টমেন্ট থেকে ঘড়ি ও অলঙ্কারের সঙ্গে ওই নগদ অর্থ উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা অমর সিং জানান, উদ্ধার করা অর্থের মধ্যে ২৬ ধরনের মুদ্রা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার করা অর্থের পরিমাণ ১১৪ মিলিয়ন রিংগিট (২ কোটি ৮৬ লাখ ডলার)।
তিনি জানান, কুয়ালালামপুরের একটি অ্যাপার্টমেন্টে ৩৫টি ব্যাগে এই অর্থ পাওয়া যায়। অপর ৩৭টি ব্যাগে পাওয়া যায় ঘড়ি ও অলঙ্কার। এগুলোর অর্থমূল্য পরে হিসাব করা হবে। এছাড়া অ্যাপার্টমেন্টটিতে ২৮৪টি বাক্স পাওয়া গেছে, যেগুলোর ভেতরে ছিল ডিজাইনার হ্যান্ডব্যাগ।
অমর সিং আরও জানান, একই ভবনের আরেকটি অ্যাপার্টমেন্টে ১৫০টি হ্যান্ডব্যাগ পাওয়া গেছে, যে অ্যাপার্টমেন্টে থাকতো রাজাকের মেয়ে।গত ৯ মে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোটের কাছে পরাজিত হয়ে নাজিব রাজাকের জোট ক্ষমতা হারায়। এরপর থেকেই দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।



