• রোববার , ২৬ জুলাই ২০২৬

পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সেই ক্রিমিনাল পাকরাও


প্রকাশিত: ২:১১ এএম, ২৩ অক্টোবর ২১ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৫৪ বার

বিশেষ প্রতিনিধি/রংপুর প্রতিনিধি : পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সেই ক্রিমিনাল পাকরাও হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) রাতে র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো একটি বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে আসামির নাম ও তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টি কিছুই জানায়নি র‍্যাব।র‌্যাবের ওই বার্তায় বলা হয়, রংপুরের পীরগঞ্জে সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগ ঘটনার অন্যতম হোতাকে র‌্যাব গ্রেপ্তার করেছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় যখন সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, পূজামণ্ডপ ও বাড়িঘরে হামলা হচ্ছিল, ঠিক সে সময় রংপুরের পীরগঞ্জে ভয়াবহ অগ্নিসংযোগ ঘটনা ঘটানো হয়।ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত রোববার রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নে মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালানো হয়। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে নিঃস্ব হয়েছে অনেক পরিবার।

রোববার (১৭ অক্টোবর) রাতে ফেসবুকে এক কিশোরের পোস্টকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জের মাঝিপল্লীর বেশ কয়েকটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া হামলাকারীরা লুট করে নিয়ে যায় গবাদিপশু ও নগদ টাকা। এসময় কয়েকজন আহত হয়।এরপরেই মানবিক সাহায্য-সহায়তায় দিনটা কেটে গেলেও রাতে অজানা আতঙ্কে সময় কাটান রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ার মানুষ। তবে হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপত্তা নিয়ে অভয় দিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা।

ওই রাতের নারকীয় তাণ্ডবের সময় কাউকে কাছে না পেলেও আগুনে পোড়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর মাঝিপাড়ার মানুষের পাশে এখন সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতাকর্মীসহ সবাই। গত কয়েক দিনে মানুষের সহানুভূতিতে কষ্টের কিছুটা উপশম হয়েছে আক্রান্ত মানুষের। ধর্মান্ধ-জঙ্গিগোষ্ঠীর নির্মমতার সবশেষ শিকার রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া গ্রাম। এখানকার বিপন্ন ৬৫টি অসহায় জেলে পরিবার রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীলতায় আবার ঘুরে দাঁড়াবে- এমন প্রত্যাশা সবার।