নৈতিক স্খলন প্রমাণিত ‘নারীকে অক্সিজেন দেয়া’ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।
বিশেষ প্রতিনিধি : নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।এর আগে বিষয়টি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন জমা পড়ে। সেই প্রতিবেদনের আলোকে বুধবার (২২ জুলাই) দলটির নির্বাহী পরিষদের বৈঠকে তাকে বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২২ জুলাই (বুধবার) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্ট রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।
ঝাড়ু মিছিল-বিক্ষোভে উত্তাল শ্যামনগর-
সাতক্ষীরা-৪ আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের কিশোরীর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর বিতর্ক ঘিরে উত্তাল হয়ে উঠেছে শ্যামনগর।বুধবার (২২ জুলাই) বেলা ১২টার দিকে শ্যামনগরের সচেতন নাগরিক নাগরিক সমাজের ব্যানারে এমপির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন স্থানীয়রা। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে পৌঁছে শেষ হয়। সেখানে এমপির কুশপুত্তলিকা দাহ করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক সহসভাপতি অধ্যাপক আবু সাঈদ, শিক্ষানুরাগী অ্যাড. আশেক এলাহী মুন্না, গাবুরা ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আমজাদুল ইসলাম এবং জাতীয় মহিলা সংস্থার উপজেলা সভাপতি নুরজাহান পারভীন ঝর্নাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, নৈতিক স্খলন হওয়ায় গাজী নজরুল ইসলামকে জামায়াতের দলীয় পদ ও এমপি পদ থেকে বহিষ্কার করতে হবে। শ্যামনগরের মানুষকে কলঙ্কিত করেছেন তিনি। তাকে আমরা আর এমপি দেখতে চাই না। শ্যামনগরে তাকে আজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। মুখে ইসলামের কথা বলে অন্তরের বাস্তব চিত্র ভিডিওর মাধ্যমে দেশবাসী দেখেছে। আমরা কলঙ্কিত, লজ্জিত। আমরা আশা করব জামায়াত ইসলাম তার বিরুদ্ধে দলীয় সাংগঠণিক ব্যবস্থা নিয়ে আমাদের কলঙ্কমুক্ত করবেন।
উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে রাজধানীর মগবাজার এলাকার একটি কক্ষে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে। এ নিয়ে বিতর্কের মুখে নিজের ফেসবুক পোস্টে কিশোরীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন তিনি। তবে তার বিয়ের দাবি নিয়েও দেখা দিয়েছে বিতর্ক।




