‘দুর্নীতিবাজ কাউকে ছাড়া হবেনা’
স্টাফ রিপোর্টার : আর্থিক অনিয়মে জড়িত দুর্নীতিবাজ কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘ব্যাংকের ঋণখেলাপি এবং আর্থিক অনিয়মের ব্যাপারে অনেক লেখালেখি হচ্ছে। সেগুলোর ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। যারা দোষী ব্যক্তি তাদেরকে শাস্তি দেওয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। তবে যারা নির্দোষ তাদেরকে হয়রানি করা হবে না।’
আইনমন্ত্রী আরও বলেন, দুর্নীতি রোধে সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। দুর্নীতি দমন কমিশন এবং আইন প্রয়োগকারী সংস্থাও এ ব্যাপারে সচেতন রয়েছে। এর আগে প্রশিক্ষণ কর্মশালায় একই বিষয়ে বিচারকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে ঋণ কেলেঙ্কারিসহ অনেক টাকা লুটপাট হয়েছে, যেগুলো নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। যেসব ক্ষেত্রে আইনের ব্যতয় হয়েছে তাদের কোন মাফ নাই। সুষ্ঠ বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার সকল প্রকার সহযোগিতা করবে।’
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক ড. শেখ গোলাম মাহবুব।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিষয়ে আইন প্রণয়ন করার প্রক্রিয়া চলছে। চলতি বছরের শেষ নাগাদ এই আইন আপনারা পেয়ে যাবেন।’




