দুপুরে ‘সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বাজেট’
এস রহমান : আজ ৭ জুন বৃহস্পতিবার দুপুরে টানা দশমবারের মত সংসদে বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী এম এ মুহিত।
এবারের বাজেট কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছরের এই বাজেট নতুন কোনো কর আরোপ করা হচ্ছে না। বরং করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করার প্রস্তাব আসতে পারে।আর ব্যবসায়ী শিল্পপতিদের খুশি করতে তাদের দীর্ঘদিনের দাবি করপোরেট ট্যাক্স কমানোর প্রস্তাবও এবারের বাজেটে আসতে পারে বলে মুহিত জানিয়েছেন।
তিনি বলেন, সম্পদের সংস্থান করতে পারলে আরও বড় বাজেট দেওয়ার প্রত্যাশা ছিল। এবারের ১০৩ পৃষ্ঠার বাজেট বক্তৃতার শিরোনাম তিনি ঠিক করেছেন ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ।’ মুহিত বলেন, “আমার এবারের বাজেটে নতুন করে কোনো কর আরোপ হবে না। আর এটা হবে জনগণের জন্য সুখবর।” পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবাসহ বিভিন্ন উপকারভোগীর সংখ্যা এবং ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাব বাজেটে থাকছে বলে জানান তিনি।
২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপনের আগে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, সরকারের এ মেয়াদে তার শেষ বাজেট হবে পাঁচ লাখ কোটি টাকার। তবে তার সেই লক্ষ্য এবার পূরণ হচ্ছে না।এ সম্পর্কে তিনি বলেন, আমার শেষ বাজেট আমি পাঁচ লাখ কোটি টাকা দিতে চেয়েছিলাম। দিতেও পারতাম। কিন্তু চাপাচাপি করে বড় বাজেট দিতে চাইনি। বাস্তবসম্মত বাজেট দিচ্ছি।
মুহিত বলেন, চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার ছিল ৪ লাখ ২৬৬ কোটি টাকা। বাস্তবায়ন হিসাব করে সংশোধিত বাজেটে তা হবে ৩ লাখ ৮৪ হাজার কোটি টাকার মত।“এতেই প্রমাণ হয়, বড় বাজেটও বাস্তবায়ন হয়। আর এ বাস্তবায়নের মাধ্যমেই আমরা এই এতো দূর অগ্রসর হয়েছি।”ভোটের বছরে পৌনে পাঁচ লাখ কোটি টাকার বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ে কোনো সমস্যা হবে বলে মনে করছেন না অর্থমন্ত্রী।
তিনি বলেন, “উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের অনেক তরুণ করদাতা কর দিতে আগ্রহী হয়েছে। তারা উৎসাহ-উদ্দীপনা নিয়ে কর দিচ্ছে। আমরা ভেবেছিলাম দেশে ১৫ লাখের মত করদাতা হবে। সুখের বিষয়, সেই সংখ্যা ৩০ লাখে পৌঁছেছে।”এদিকে টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের শেষ বাজেট ঘোষণা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিপরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয় আজ সকাল সাড়ে ১০ টার দিকে।
সবকিছু ঠিক থাকলে আজ বেলা সাড়ে ১২টায় জাতীয় সংসদের ২১তম অধিবেশনে এই বাজেট পেশ করবেন তিনি। এটি হবে তার ১২তম জাতীয় বাজেট। একই সঙ্গে বর্তমান সরকারের টানা ১০ বারের বাজেট ঘোষণার নতুন রেকর্ডও গড়বেন তিনি। এবারের বাজেটে বিদ্যুৎ জ্বালানি, ভৌত অবকাঠামো, পরিবহনখাত প্রাধান্য দিয়ে গুরুত্ব দেওয়া হবে শিক্ষা ও মানসম্পদ উন্নয়নে। বাজেটের আকার হতে পারে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ছাড়িয়ে যেতে পারে প্রায় ১ লাখ ২৭ হাজার ২২৫ কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে ৭.৮ শতাংশ ও মূল্যস্ফীতি ৫.৮ শতাংশ। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিতে বরাদ্দ রাখা হচ্ছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা।
সন্ধ্যায় কানাডা যাবেন হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে আজ বৃহস্পতিবার কানাডা যাচ্ছেন। সন্ধ্যায় এ্যামিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। তিনি দুবাই হয়ে আগামীকাল শুক্রবার সকালে টরেন্টো পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফরে যাচ্ছেন।
টরেনটোতে বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ এবং কানাডার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও উপ-প্রধান প্রটোকল জোনাথন সাউভি পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।



