‘জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স’
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সমাধান করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, আমরা যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সমাধান করি। আর এর মাধ্যমেই আমরা সীমান্ত সমস্যাসহ আরও বিভিন্ন সমস্যার সমাধান করেছি।
জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ভূ-খণ্ড ব্যবহার করে কোনো গোষ্ঠী, গ্রুপ বা জনগণের ওপর কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে দেয়া হবে না।বর্তমান সরকারের সময় দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার গ্রামীণ পর্যায়েও উন্নয়নের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
শনিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।তিনি আরও জানান, প্রধানমন্ত্রী বলেছেন- বাংলাদেশ যে কোনো ধরনের সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, জাতির জনক সাধারণ জনগণের নেতা ছিলেন। তিনি সর্বদা সাধারণ মানুষের উন্নয়ন চেয়েছেন। আমরা তার অসমাপ্ত কাজ শেষ করছি।শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশের স্বপ্নের মতো বাংলাদেশে জিডিপিতে ৭.৭৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সর্বশেষ কলকাতায় অনুষ্ঠিত ওই বৈঠকটি ছিল অন্যতম ফলপ্রসূ।



