• রোববার , ২৬ জুলাই ২০২৬

চম্পকনগরে ট্রলার ধাক্কায় নৌকাডুবে ১৫ জনের মৃত্যু


প্রকাশিত: ৪:৪৩ এএম, ২৮ আগস্ট ২১ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৯৮ বার

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই একটি ট্রলারের সংঘর্ষে শতাধিক যাত্রী নিয়ে নৌকা ডুবে গেছে। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদর উপজেলার লইছকা বিলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে রওনা দিয়েছেন।

ইব্রাহিম নামে এক যাত্রী জানান, বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল সাড়ে ৪টায় প্রায় শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ছেড়ে আসে। পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি ডুবে যায়। এতে তিনিসহ অনেকেউ সাঁতরে তীরে উঠতে পারলেও তার সাথে থাকা ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শী আলী আক্তার রিজভী বলেন, বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। উদ্ধার অভিযান চলছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান ও সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতিরকন্ঠ কে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঢাকায় ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে। তারা খুব শিগগির ঘটনাস্থলে চৌছাবেন।