করোনা টিকা বিক্রি নিয়ে তোলপাড় পটিয়া

পটিয়া প্রতিনিধি : এবার করোনা টিকা বিক্রি নিয়ে তোলপাড় চলছে পটিয়ায়। বলা হচ্ছে, চট্টগ্রামের পটিয়ায় রেজিস্ট্রেশন ছাড়া টিকা প্রদান করা হয়েছে। আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রবিউল হোসেন বাইরে টিকা বিক্রি করে দিয়ে লাভবান হয়েছেন। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়। রোববার (১ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর স্বাক্ষরিত একটি চিঠিতে তদন্ত কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।তদন্ত কমিটিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. অজয় দাশকে প্রধান এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মো আসিফ খান ও ডা. নুরুল হায়দারকে সদস্য করা হয়। কমিটিকে আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গত ৩০ জুলাই ও ৩১ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিনোফার্মের কিছু টিকা সরিয়ে নেওয়া হয়েছে। এসব টিকা ইউনিয়ন পর্যায়ে নিবন্ধনবিহীন লোকজনকে দেওয়া হয়েছে। এজন্য উপজেলা, জেলা বা বিভাগীয় পর্যায় থেকে অনুমতি নেওয়া হয়নি। এ বিষয়ে সরেজমিন তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হলো। এ সম্পর্কে তদন্ত কমিটির সদস্য ডা. মো আসিফ খান জাতিরকন্ঠকে বলেন, পটিয়ায় রেজিস্ট্রেশন ছাড়া টিকা প্রদানের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়। তদন্ত শেষে যথাযথ প্রতিবেদন জমা দেওয়া হবে।
জানা গেছে, গত শুক্রবার (৩০ জুলাই) পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নের আরফা করিম উচ্চ বিদ্যালয়ে এবং শনিবার (৩১ জুলাই) শোভনদণ্ডী স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কার্যক্রম চালানো হয়। দুইদিনে সিনোফার্মের প্রায় ২ হাজার টিকা প্রদান করা হয় এই দুই কেন্দ্রে। সিনোফার্মের তৈরি একেকটি টিকা দুজনকে দেওয়া যায়। ধারণা করা হচ্ছে, সেখানে ৭০০ থেকে ৭৫০টি টিকা দেওয়া হয়েছে দুই দিনে।পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট রবিউল হোসেন টাকার বিনিময় এই টিকা পুশ করেন বলে অভিযোগ উঠেছে। এদিকে টিকা নিয়ে এমন জালিয়াতির কারণে শনিবার (৩১ জুলাই) পটিয়ায় সংকটে পড়ে টিকাদান কার্যক্রম। টিকা না পেয়ে ফিরে গেছেন অনেকেই।গ্রামাঞ্চলে শনিবার (৭ আগস্ট) থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু এর আগেই রবিউল সিনোফার্মের টিকা সরিয়ে নিয়ে তার এলাকার লোকজনকে দেওয়া শুরু করেন।



