‘সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ গাজীপুর গড়বো’

গাজীপুর থেকে মোস্তফা কামাল প্রধান : সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ গাজীপুর গড়ার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন নতুন মেয়র জাহাঙ্গীর আলম। আজ বুধবার সকালে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সামনে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপিকে কোনো ধরনের মিথ্যাচার না করে সহযোগিতার আহ্বান জানান।
নবনির্বাচিত মেয়র বলেন, ‘আমার প্রত্যেকটি নাগরিকের কাছে আমি সহযোগিতা চাচ্ছি। বিশেষ করে বিএনপি, তারা একটি বিশাল বড় দল তারা যেন সহযোগিতা করে। কারণ আমি বলেছি এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে তার যেন বিরোধিতা না করে। সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ দেয়।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘যেহুতু আমাকে নির্বাচিত করেছে তাই সবাইকে নিয়ে আমার কাজ করতে হবে।’ এ সময় জনগণের উন্নয়নে যা যা প্রয়োজন তা করার আশ্বাস দেন জাহাঙ্গীর আলম।এর আগে মোট ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৪১৬ কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।
এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ লাখ ১০ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।বড় ধরনের সহিংসতা ছাড়াই দেশের সবচেয়ে বড় এ সিটি করপোরেশনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
কাউন্সিলরদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ ও কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়া ছাড়া আনন্দমুখর পরিবেশে গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সহিংসতা ও জালভোটের ঘটনায় ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
ভোটগ্রহণ শেষে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দীন মণ্ডল জানিয়েছেন, ভোট খুব সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ৫৫-৬০ শতাংশ ভোট পড়েছে। বিএনপি যে কয়টি অভিযোগ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ৪২৫টি কেন্দ্রের নয়টিতে গোলযোগ হয়েছিল, সেগুলোর ভোট বন্ধ করে দিয়েছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন গাজীপুর সিটির মতো সুষ্ঠু হবে বলে আশা করছেন তিনি। তবে হাসানউদ্দিন সরকার অভিযোগ করেন,ধানের শীষের এজেন্টকে শতাধিক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তার এ অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম।
গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। দলীয় প্রতীকে অনুষ্ঠিত এই নির্বাচনে ৭ মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৫৭ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৫৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।



