এবার সেতুর স্প্যানে আঘাত বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরি’র

বিশেষ প্রতিনিধি/শিমুলিয়া প্রতিনিধি : পদ্মা সেতুর পিয়ারে কয়েকবার ধাক্কা দেয়ার পর এবার সেতুর স্প্যানে আঘাত লেগেছে ফেরির ফ্লাগস্ট্যান্ডের। মঙ্গলবার সকালে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া থেকে সেতুর নিচ দিয়ে পাটুরিয়া যাওয়ার সময় এই ধাক্কা লাগে। তবে তেমন কোন ক্ষতি হয়নি। ঘটনার খবরে ঘটনাস্থলে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, কোন ঘটনাই ছোট করে দেখার সুযোগ নেই।
পদ্মা সেতু এলাকায় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে ফেরিটি পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে চলাচলের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে রওয়ানা হয়েছিল। সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝে ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা লাগে।ঘটনার এ ভিডিও গণমাধ্যমে প্রচার হলে শুরু হয় আলোচনা সমালোচনা। মাস্তুলের আঘাতের খবর দেয়া হলেও পরে দেখা যায়, মাস্তুল নয়, ক্ষতি হয়েছে ফেরির ফ্লাগস্ট্যান্ডের। এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখোমুখি হন ফেরির মাস্টার।দুর্ঘটনার খবর পেয়ে পদ্মাপড়ে ছুটে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সেখানে ঘাটে বেড়ানো পদ্মাসেতুতে আঘাত দেয়া ফেরিটি পর্যবেক্ষণ করেন।
পদ্মা সেতুতে বারবার ধাক্কা-হালকা ভাবে নিলে চলবে না
পদ্মা সেতুতে বারবার ধাক্কা দেওয়ার ঘটনা হালকা ভাবে নিলে চলবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৩১ আগস্ট) পদ্মা সেতুর স্প্যানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর জাহাজটি ধাক্কার খবরে সরেজমিনে পরিদর্শন শেষে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।এসময় ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের পূণরায় তদন্ত করার নির্দেশ দিয়ে বলেন, এখানে কোন ধরণের অন্তর্ঘাত আছে কি না তা খতিয়ে দেখতে হবে।বারবার কেন দেশের এই স্বপ্নের সেতুতে আঘাত হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরণের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নিদর্শনা দেওয়া হয়েছে।




