ইন্ধনে কোটা আন্দোলন-ফের উত্তেজনা
বিশেষ প্রতিনিধি : সরকারবিরোধী ইন্ধনে কোটা উত্তেজনা আন্দোলন ফের মাথাচাড়া দিয়েছে। সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। তাদের এই ঘোষণায় ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
ছাত্রলীগ কর্মীদের পাশাপাশি ক্যাম্পাসে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব। আন্দোলনকারীরা এখনও শাহবাগ থেকে টিএসসি, দোয়েল চত্বর ও নীলক্ষেতের রাস্তা অবরোধ করে রেখেছেন। ক্যাম্পাসজুড়ে খণ্ড খণ্ড মিছিল চালিয়ে যাওয়ার পাশাপাশি তারা শাহবাগ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।
‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ ব্যানারে এই আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজু ভাস্কর্যের অবস্থান থেকে মাইকে বলেন, “সব শিক্ষার্থী আন্দোলন স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। এ কারণে আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কারের তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না আসছে বা প্রজ্ঞাপন জারি না হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।
এদিকে সচিবালয়ে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধের বৈঠকের সময়ই বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে ক্যাম্পাসে অবস্থান নিতে শুরু করেছিলেন।সন্ধ্যায় আন্দোলনকারীরা অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের নতুন করে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
তবে পরে সমঝোতার চেষ্টায় ক্যাম্পাসের মল চত্বরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের কয়েকজন নেতাকে আলোচনাও করতে দেখা যায়।রাত সোয়া ৯টার দিকে পাবলিক লাইব্রেরির সামনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। আর র্যাব সদস্যদের শাহবাগে অবস্থান নিতে দেখা যায়।



