‘আ’লীগ বিএনপির ওপর মানুষ বিরক্ত’

মিরপুর প্রতিনিধি : জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনা করেও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই সাধারন মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর বিরক্ত। এজন্য আগামী নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ বিশ্বাস করে একমাত্র জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।
আজ সোমবার দুপুরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সদ্য মারা যাওয়া মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কবর জিয়ারত করে উপস্থিত নেতাকর্মীদের সাথে তিনি একথা বলেন। মুজিবুল হক চুন্নু আরও বলেন, জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সব সময় স্বপ্ন দেখতেন জাতীয় পার্টিকে শক্তিশালী করতে। তিনশ’ আসনে মনোনয়ন দিয়ে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়েছেন প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তাই, আমরা জাতীয় পার্টিকে শক্তিশালী করে তিনশ’ আসনে মনোনয়ন দেয়ার জন্য কাজ করছি।



