অবশেষে র্যাবের জালে বিউটি ধর্ষণকারী
হবিগঞ্জ প্রতিনিধি : অবশেষে র্যাবের জালে পাকরাও হয়েছে বিউটি ধর্ষণকারী। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রী বিউটি আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে সিলেটের বিয়ানীবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেটে র্যাব-৯ এর সহকারী পরিচালক (গণমাধ্যাম) মনিরুজ্জামান অনলাইন দৈনিক জাতিরকন্ঠকে এতথ্য নিশ্চিত করেছেন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের সায়েদ আলীর মেয়ে বিউটিকে (১৫) গত ২১ জানুয়ারি তুলে নিয়ে যায় একই গ্রামের মলাই মিয়ার ছেলে বাবুল মিয়া। অপহরণের পর আটকে রেখে ধর্ষণের পর কৌশলে বাড়িতে রেখে পালিয়ে যায়।এ ঘটনায় গত ১ মার্চ সায়েদ আলী বাদী হয়ে বাবুল ও তার মা ইউপি সদস্য কলম চানের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণ মামলা করেন।
১৬ মার্চ বিউটি নিখোঁজ হয়। পরদিন তার লাশ উদ্ধার করে পুলিশ।শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, বিউটি হত্যাকাণ্ডে বাবুলের মা ইউপি সদস্য কলম চান ও ঈসমাইল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।



