• রোববার , ২২ নভেম্বর ২০২৬


প্রকাশিত: ১:৫৪ এএম, ২২ নভেম্বর ২৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৭ বার

 

অতীতে দেশের সার্বভৌমত্ব ও বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার নানা ষড়যন্ত্র হলেও জনগণ ও বাহিনী তা রুখে দিয়েছে।

 বিশেষ  প্রতিনিধি : ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে দেশকে আর কেউ কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সার্বভৌমত্ব রক্ষা ও ঐক্যের আহ্বান
প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, অতীতে দেশের সার্বভৌমত্ব ও বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার নানা ষড়যন্ত্র হলেও জনগণ ও বাহিনী তা রুখে দিয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি সংকটে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক। ভবিষ্যতেও যেকোনো অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আধুনিকায়ন ও কল্যাণমুখী পদক্ষেপ
দেশকে নিরাপদ রাখতে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সাইবার নিরাপত্তা, ড্রোন ও আকাশ প্রতিরক্ষাসহ প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর কাজ শুরু হয়েছে। এ ছাড়া আগামী ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন ব্যবস্থা চালুর ঘোষণা দেন তিনি।
 খালেদা  জিয়ার স্মৃতিচারণ 
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তাঁর প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সশস্ত্র বাহিনী বিভাগে তিন বাহিনীর প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন। বিকেলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, বিদেশি কূটনীতিক ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।