• শনিবার , ৭ মার্চ ২০২৬

বাংলাদেশের ৫৩তম বিজয় দিবসে বঙ্গভবনে জমকালো আয়োজন


প্রকাশিত: ৭:৫২ পিএম, ১৬ ডিসেম্বর ২৩ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৫৬ বার

বিশেষ প্রতিনিধি : রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন বাংলাদেশের ৫৩তম বিজয় দিবসে বঙ্গভবনে জমকালো সংবর্ধনার আয়োজন করেন।বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা যোগ দেন।

বিকালে রাষ্ট্রীয় এই আয়োজনে কয়েক হাজার আমন্ত্রিত অতিথির মধ্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, উপদেষ্টা মন্ডলী, বিভিন্ন দেশের কূটনৈতিক, সুপ্রিম কোর্টের বিচারক, তিন বাহিনী প্রধান, সংসদ সদস্য, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী সম্প্রদায়ের নেতা, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্য এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের পাশাপাশি সংবাদপত্রের সম্পাদক এবং সাংবাদিক নেতারাও সংবর্ধনায় যোগ দেন।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে একটি কেক কাটেন। তারা আহত মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

৫২ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন দেশ হিসেবে জন্ম নেয় বাংলাদেশ। ত্রিশ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় নতুন রাষ্ট্র বাংলাদেশ।

১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে মুক্তিকামী বাঙালি। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনী বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যূদয় ঘটে।