• রোববার , ১৫ মার্চ ২০২৬

‘জনগণ যাকে ভোট দিবে সে যে নির্বাচিত হবে তার গ্যারান্টি নাই’


প্রকাশিত: ৭:১৪ পিএম, ১২ মার্চ ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৫৫ বার

স্টাফ রিপোর্টার :   সহায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন বর্তমান সময়ে bbbবাংলাদেশের সকল জনগনের ন্যায্য দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ১২ মার্চ রবিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি চায় যারা নির্বাচনের দায়িত্বে থাকবে তারা নির্ভয়ে সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী কাজ করতে পারবে। কিন্তু আওয়ামী লীগের মত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নির্ভয়ে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। জনগণ যাকে ভোট দিবে সে যে নির্বাচিত হবে তার কোনো গ্যারান্টি নাই। তাই বিএনপি চায় নির্বাচনের সময় এমন একটি সহায়ক সরকার থাকবে, যে সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করবে। এ দাবি জনগণের দাবি। এ দাবি জনগণের ন্যায্য দাবি।

বিএনপি নির্বাচনের নামে প্রহসন চায় না জানিয়ে তিনি বলেন, বিএনপিতো নির্বাচনে জেতেই চায়, কারণ বিএনপি বিশ্বাস করে নির্বাচনের মাধ্যমেই জনগণ রায় দিবে; কখন কারা রাষ্ট্র পরিচালনায় যাবে। কিন্তু বিএনপি নির্বাচনের নামে প্রহসন চায় না। নির্বাচনের মানে কোনো খেলা না। নির্বাচন মানে সকল দল অংশগ্রহণ করবে, সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং জনগণ যাকে ভোট দিবে তাকে বিজয়ী বলে ঘোষণা করা হবে।

দিন দিন নারী নির্যাতন বেড়েই চলছে দাবি করে নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ গৌরব করে বলে যে খুব ভালো দেশ চালাচ্ছেন। কিন্তু নারী ও শিশু নির্যাতন ক্রমেই বাড়ছে। এটা খুব সংকটের ও দুঃশ্চিন্তার বিষয়। প্রতিদিনই নারী ও শিশু নির্যাতন হচ্ছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু’র সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।