ক্যাসিনো’য় প্রশাসনের ব্যর্থতায় ক্ষুদ্ধ ১৪দল
স্টাফ রিপোর্টার : ঢাকা শহরে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ক্যাসিনো গড়ে ওঠায় বিস্ময় প্রকাশ করে প্রশাসনের ব্যর্থতা ও নির্লিপ্ততার জন্য নিন্দা জানিয়েছে ক্ষমতাসী দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভা থেকে এ বিস্ময় ও নিন্দা জানানো হয়।সভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, কিছু রাজনৈতিক কর্মী দুর্বৃত্তায়নে পরিণত হয়েছে। আমরা বিস্মিত হয়েছি, দুঃখ পেয়েছি। আমরা আরও বিস্মিত হয়েছি, ঢাকা শহরে প্রশাসনের নাকের ডগায় কীভাবে অবৈধ ক্যাসিনোর কাজগুলো সম্পন্ন হয়েছে? আমরা প্রশাসনের ব্যর্থতা ও নির্লিপ্ততার নিন্দা করি।
সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, আমরা বলছি- কোনো দল দেখে, কোনো মুখ দেখে যেন ব্যবস্থা নেয়া না হয়। যে অপরাধী তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। প্রশাসন থেকে দুনীতির কালো বিড়াল ধ্বংস করতে হবে। রাজনৈতিক দল থেকে দুর্বৃত্তদের বের করে দিতে হবে।১৪ দলের সভার শুরুতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জš§দিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ নাসিম জানান, আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ১৪ দলের পক্ষ থেকে ১৮ মার্চ কর্মসূচি নেয়া হয়েছে। ওই দিন সন্ধ্যা ৬টায় মানিক মিয়া এভিনিউয়ে সমবেত হয়ে মোমবাতি প্রজ্জ্বলন করে শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে। এটা হবে ১৪ দলের প্রথম কর্মসূচি। এরপর আরও কর্মসূচি থাকবে।
এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, গণতন্ত্রি পার্টির ডা. শাহাদাত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার প্রমুখ।



