‘কুসিকের মত সব নির্বাচনে যুদ্ধ করে আমাদের জয় ছিনিয়ে আনতে হবে’
স্টাফ রিপোর্টার : কুমিল্লা সিটি করপোরশন নির্বাচনে আমরা যুদ্ধ করে জয় ছিনিয়ে এনেছি এবং
জনগণের প্রতিরোধে কুসিকে ধানের শীষের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপিচেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরশন নির্বাচনের মতো সব নির্বাচনে যুদ্ধ করে আমাদের জয় ছিনিয়ে আনতে হবে। যদি নিরপেক্ষ নির্বাচন কমিশনার থাকতো তাহলে আমাদের যুদ্ধ করতে হতো না।
মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গেলে চেয়ারপারসন এসব কথা বলেন। এর আগে কুমিল্লার সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে মনিরুল হক সাক্কু ও তার সহধর্মীনী দলীয় প্রধান খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ অতীতেও চুরি করে ক্ষমতায় এসেছে। তারা নারায়ণগঞ্জ, কুমিল্লা সিটি নির্বাচনে কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছে। প্রশাসনের সহযোগিতায় তারা প্রকাশ্য সিল মেরেছে। তারপরেও জনগণের প্রতিরোধে ও নিরব ভোট বিপ্লবে ধানের শীষের বিজয় হয়েছে।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের। এ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এরাও আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। তাদের দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচন কালীন সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
এ সময়ে আরো বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী,এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, সঞ্জীব রায় চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কর্নেল (অব.) আনোয়ারুল আজিম, ইমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন প্রমুখ।



