• শনিবার , ৭ মার্চ ২০২৬

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে মানুষের ঢল- যশোরে বাস দূর্ঘটনা-অস্ত্রসহ এক ব্যক্তি আটক


প্রকাশিত: ৪:৩৫ পিএম, ২৮ জুন ২৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৬৭ বার

বিশেষ প্রতিনিধি : ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নেমেছে আলেম-ওলামা ও জনতার। আজ শনিবার ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন তারা। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে মহাসমাবেশের আয়োজন শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে প্রথম পর্ব। এ পর্বে সারাদেশ থেকে আগত জেলা-মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, তদারকি করছেন কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান।

আজ মহাসমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষের সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার কথা রয়েছে।এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

উল্লেখ্য, মহাসমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম গতকাল শুক্রবার মাঠ পরিদর্শন করেন। সে সময় তিনি জানান, সারা দেশ থেকে কয়েক হাজার বাস রিজার্ভ করা হয়েছে। লঞ্চ ও ট্রেনে করে কয়েক লাখ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবে।

দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামীর রাজনীতির একটি নতুন বার্তা পাওয়া যাবে এই মহাসমাবেশ থেকে।মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতাদের দাওয়াত করা হয়েছে, যেখানে বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

মহাসমাবেশে আসার পথে যশোরে বাস দূর্ঘটনায় ৪ জন নিহত

এদিকে ঢাকায় জাতীয় মহাসমাবেশে আসার পথে ঢাকা-মাওয়া মহাসড়কে যশোরের নপড়া ইউনিয়নের একটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়লে ৪ জন নিহত এবঙ বহু আহত হন।আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে দ্রুত সেখানে ছুটে আসেন কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা আলহাজ্ব আব্দুর রহমান এবং ভাইস চেয়ারম্যান, আল কারিম জেনারেল হাসপাতাল।

দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। সমাবেশ চলাকালে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে লোকজন। শনিবার (২৮ জুন) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ চলাকালে ছুরিসহ এক ছিনতাইকারীকে আটক করে সমাবেশে আসা লোকজন। পরে ওই ছিনতাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করে তারা।