• মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬

বিরোধীদল বলছে আইনশৃঙ্খলার অবনতি সরকার বলছে না–


প্রকাশিত: ৯:৪১ পিএম, ১০ নভেম্বর ২৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২ বার

 

 

সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আমরাও বসে থাকব না।’দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, ‘এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি।

সংসদ রিপোর্টার : জাতীয় সংসদে ২/১টা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি হয় না বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যর জবাবে বিরোধীদল বলছে আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরোপুরি ব্যর্থ। এ অভিযোগ তুলে বিরোধীদল বলছে, বাস ভাঙচুর, সিআইডি সদর দপ্তর চত্বরে বোমা বিস্ফোরণ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার এর প্রমাণ।

ওদিকে সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় শফিকুর রহমান এবং চিফ হুইপ নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তোলেন। তারা বলেন, বাস ভাঙচুর, সিআইডি সদর দপ্তর চত্বরে বোমা বিস্ফোরণ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার প্রমাণ।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায়ও নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আমরাও বসে থাকব না।’দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, ‘এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে।’

তিনি আরও বলেন, ‘দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উদ্বেগ তৈরি হয়েছে, এর দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নেই এড়ানোর।’শফিকুর রহমান বলেন, তারা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে লক্ষ করছেন যে গত কয়েক দিন ধরে সারা দেশে নাশকতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘আর্মি গলফ ক্লাবেও এখন ককটেল বিস্ফোরণ হচ্ছে। এসবির সদর দপ্তরের সামনে হচ্ছে। থানার গেটে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরপর তিন দিন হয়েছে। আজকে দুজন সেখানে আহত হয়েছেন।’পার্বত্য এলাকায় একজন তরুণ সেনাসদস্য তার জীবন হারিয়েছেন। এর সঙ্গে সাজেক ভ্যালির পরিস্থিতির কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা প্রশ্ন রাখেন, ‘এসবের শেষ কোথায়?’

তিনি আরও অভিযোগ করেন, ‘গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় আক্রমণ এবং আগুন জ্বালানো হচ্ছে। সরকারি দলের অফিসে হামলা, ভাঙচুর, লুট হচ্ছে। বিরোধী দলের কর্মীদের ওপর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হামলা হচ্ছে।’

আগে থেকেই এসব ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘আমরা ক্রমান্বয়ে পরিস্থিতির অবনতি লক্ষ করছি। কোনো উন্নতি আমাদের কাছে ধরা পড়ছে না। এতগুলো ঘটনা ঘটার পর কাকে কোথায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করল, তার কোনো হদিস আমাদের কাছে নেই। তিন-চারজনকে জনগণ ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তো কোথাও কিছু করেনি।’

তিনি গোয়েন্দা সংস্থাগুলোরও সমালোচনা করে বলেন, ‘গোয়েন্দা সংস্থার অফিসের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে। ওইটাই নিরাপদ নাই, সেই গোয়েন্দারা কী করে?’বিরোধীদলীয় নেতা বলেন, ‘ফ্যাসিস্ট আমলে আমরা নিষিদ্ধ ছিলাম না। আমাদের অফিস সিলগালা করা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা একটা বৈধ দল ছিলাম। সেখানে ঘর থেকে বের হতে পারিনি।’

শফিকুর রহমান বলেন, তার দল বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার ছিল না। কিন্তু যখনই জাতীয় কোনো সংকট দেখা দিয়েছে, সবাইকে তারা ইনভাইট (আমন্ত্রণ) করেছে, সবাই সেখানে সম্পৃক্ত হয়েছে, কমন একটা মেসেজ (সবার জন্য একই বার্তা) গিয়েছে। মেসেজ যাওয়ার পরে জাতি উপকৃত হয়েছে।

তিনি বলেন, ‘এ ব্যাপারেও আজ পর্যন্ত আমরা কোনো কিছু দেখছি না। ঠিক আছে, একাই করেন। তবে করেন, আমরা সেটা চাই। আর যদি বিরোধী দলের ভূমিকার প্রয়োজন হয়, সেটা বলবেন তো? সেটা বলা হচ্ছে না।’
এর আগে চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেন। তিনি বলেন, গত দুই দিনে দেশ ‘নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা এবং নাশকতা’র সাক্ষী হয়েছে।
তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকেরা দেশের বিভিন্ন স্থানে গোপন হামলা চালাচ্ছে।

তিনি বলেন, ‘বাসে আগুন দেওয়া হচ্ছে, একজনের মারা যাওয়ার খবর আমরা শুনতে পেয়েছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জাতীয় ছাত্র শক্তির সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম, তাকে মৌলভীবাজারে গুপ্ত হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে, বিএনপির অফিস ভাঙচুর হয়েছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘দেশের এই যে পরিস্থিতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলায় সরকার যে ব্যর্থ, এটা কিন্তু গত সাত মাস ধরে আমরা বলে আসছিলাম, বিশেষত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যর্থ।’তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, দেশের আইনশৃঙ্খলা নিশ্চিতিতে কিন্তু ততটা তৎপর আমরা দেখি না। এর ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি দেশে এসে প্রোগ্রাম করে আবার বিদেশে চলে যাচ্ছে।’

২/১টা ককটেলে আইনশৃঙ্খলার
অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতের অন্ধকারে এক-দুটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো মূল্যে শিল্পবান্ধব ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান তিনি।মঙ্গলবার (১০ নভেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন জুগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য এবং দক্ষতার সঙ্গে তাদের সেই অপচেষ্টা ও নীল নকশা ভণ্ডুল করে দিয়েছে।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের গার্মেন্টস অঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ বাহিনী অত্যন্ত সমন্বিতভাবে কাজ করছে। উসকানি থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিয়েছেন, যেন উৎপাদন ও রপ্তানি কোনোভাবেই ব্যাহত না হয়। শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে তিনি উল্লেখ করেন, একটি পত্রিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দাবি করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইট থেকে পাওয়া ডেটা যদি সঠিকভাবে বিশ্লেষণ করা হয়, তবে দেখা যাবে বিগত বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। অথচ আগের বছরগুলোর সঙ্গে নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় এরই মধ্যে দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশজুড়ে ককটেল ছোড়া বা অরাজকতার চেষ্টাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্তের ওপার বা দেশের ভেতরে থাকা যৌথ ষড়যন্ত্রকারীদের সব তথ্য-প্রমাণ সরকারের কাছে রয়েছে এবং প্রয়োজনে উপযুক্ত সময়ে তা প্রকাশ করা হবে। সরকার দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।