হাদির মরদেহ ঢাকায় পৌচেছে শনিবার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায়
বিমান বন্দর প্রতিনিধি : ঢাকায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৮৫ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। শনিবার বেলা ২ টায় জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায়।
পরে সেখান থেকে হাদির মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটের পথে নেয়া হয়। ইতোমধ্যেই শহিদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে হাদির মরদেহ রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন। এছাড়া পরিবারের দাবির ভিত্তিতে শহিদ ওসমান হাদির মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ শহিদ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে নেয়া হবে।
শরীফ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।সংগঠনটি তাদের ফেসবুক পেজে বলছে, আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করব।ইনকিলাব মঞ্চ জানায়, সেখান থেকে শহীদ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার মৃত্যুতে আজ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
গত ১২ ডিসেম্বর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।




