শিলিগুড়ি আগরতলা গুয়াহাটিতে বাংলাদেশ মিশনে ভিসা সেবা বন্ধ
কলকাতা প্রতিনিধি/কূটনৈতিক রিপোর্টার : দিল্লির পর এবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার ও কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে ভারতের হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। বিক্ষোভের এক পর্যায়ে শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুর হয়েছে। পরে এতে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা।সংগঠনগুলো বলছে, ময়মনসিংহে পিটিয়ে এক যুবককে হত্যার ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ করছেন তারা।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ইটিভি ভারতের অনলাইন পত্রিকার প্রতিবেদনে শিলিগুড়ির ঘটনা নিয়ে লেখা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও দীপু চন্দ্র দাসের হত্যার বিচারের দাবিতে গতকাল রোববার রাত থেকেই বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংস্থা রাস্তায় নামে। মশাল মিছিল করার পাশাপাশি ভারতে বাংলাদেশিদের জন্য চিকিৎসা, শিক্ষাসহ সব সুবিধা বন্ধ করে দেওয়ার দাবি জানায় তারা।
এরপর সোমবার সকালে একই ইস্যুতে রাস্তায় নামে বিশ্ব হিন্দু পরিষদ নামে আরেকটি সংগঠন। শহরের বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু করে হাশমি চকে গিয়ে রাস্তা অবরোধ করে তারা। সেখানে পুলিশ বাধা দেওয়ার পর তারা সেবক রোডে গিয়ে সেখানে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র ঘেরাও করে।
এদিকে জি ২৪ ঘণ্টা চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, একই দাবিতে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছেন একটি পক্ষ। চ্যানেলটির ভিডিও প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় কংগ্রেসের চারটি জেলা – উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা ও বড়বাজার – এই চার জায়গার সভাপতিরা বাংলাদেশ হাইকমিশনে যাওয়ার রাস্তায় বিক্ষোভ করেছেন। বিগবাগান মোড়ে কলকাতা পুলিশের ব্যারিকেডের মুখে বাধাপ্রাপ্ত হন তারা।এবিপি আনন্দ জানিয়েছে, বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও।
আগামী মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এ উপলক্ষে আগামী পশ্চিমবঙ্গ ও আসাম সফরে যাওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র সিং মোদির। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিপরীতে বিজেপির হয়ে লড়বেন শুভেন্দু অধিকারী। এর আগেই বাংলাদেশে হিন্দু যুবককে হত্যার বিচারের দাবিতে পশ্চিমবঙ্গে এমন বিক্ষোভ।
এদিকে আজই দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ২০ ডিসেম্বর দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে ২০-২৫ জন ভারতীয় বিক্ষোভ করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে জানান, বিক্ষোভের সময়ে হাইকমিশনে হামলা হয়। বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা।
যদিও তার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে ঘিরে কিছু সংবাদমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ তথ্য প্রকাশ হয়েছে। ঘটনাটি নিয়ে বাংলাদেশি কিছু সংবাদমাধ্যমে প্রচারিত তথ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এর আগে বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামে ভারতীয় দূতাবাস ও ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করে কিছু গোষ্ঠী।




