• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

মধ্যরাতে উত্তাল ঢাকা-প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন-ভাঙচুর লুটপাট


প্রকাশিত: ৪:০৯ এএম, ১৯ ডিসেম্বর ২৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৬১ বার

 

বিশেষ প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন্ এলাকা। বিক্ষুদ্ধ ছাত্র জনতা রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের অফিসে হামলা ও ভাঙচুর করে বিভিন্ন ফ্লোর আগুন দিয়ে মূল্যবান মালামাল লুটপাট করে পুলিশ বিজিবি এবং সেনাবাহিনীর সামনে। এদিকে রাত ৩টা পর্যন্ত একটি বুলডোজারকে ধানমন্ডি ৩২ নম্বরে অপেক্ষা করতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা দৈনিক সত্যকথা প্রতিদিন কে জানিয়েছেন।

ওদিকে ঘটনার আকস্মিকতায় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার অফিসের ভেতর ও ছাদে আটকা পড়েন কয়েকজন সাংবাদিক। পরে তাদের ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করতে সক্ষম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা কাজ করলেও তারা ভবনের আগুন লুটপাট বন্ধ করতে পারেননি।প্রত্যক্ষদর্শীরা দৈনিক সত্যকথা প্রতিদিন কে জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে প্রথম আলোর কার্যালয়ে ও পরে ডেইলি স্টার অফিসে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে একদল লোক শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও ও বিক্ষোভ শুরু করে।একপর্যায়ে বিক্ষুব্ধরা লাঠিসোঁটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। কার্যালয়ের বেশিরভাগ জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। ভেতরে প্রবেশ করে টেবিল-চেয়ার ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে রাস্তায় বের করে নিয়ে আসে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।

রাত সাড়ে ১২টার পর ডেইলি স্টার অফিসে ভাঙচুর চালানো হয়। ডেইলি স্টার ভবনের সামনে অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধরা। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ডেইলি স্টারের প্রতিবেদক আহমেদ দীপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘এমন লেট নাইট ডিউটি যেন কারও জীবনে না আসুক। ছাদে আটকা পড়ছি, মাফ কইরা দিয়েন। ভবনে আগুন দিছে, দেখা নাও হতে পারে।’

ডেইলি স্টারের আরেকজন সাংবাদিক জানান, ভেতরে এখনো অনেক সংবাদকর্মী ও কর্মকর্তা আটকে আছেন।পরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ডেইলি স্টার ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ডেইলি স্টার ভবনে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ছাদে আটকে পড়া সাংবাদিকদের ল্যাডার দিয়ে উদ্ধার করা হয়।