মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাংলাদেশে তেল নিয়ে নৈরাজ্য-পিটুনিতে নিহত ১
লাবণ্য চৌধুরী : মধ্যপ্রাচ্যে যুদ্ধ’র কারণ দেখিয়ে বাংলাদেশে তেল নিয়ে নৈরাজ্য চলছে। সরকার যদিও বারবার আশ্বস্ত করছে যে দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে এবং এই মাস পর্যন্ত কোনো ঘাটতি হবে না । কিন্তু এতে পরিস্থিতি ভাল হয়নি। জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, তেলের দাম বাড়ানোর কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই, তবুও গুজব ছড়ানোর ফলে চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ।
চলতি মার্চ ২০২৬-এর শুরু থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে এক অস্থিরতা বা “নৈরাজ্যকর” পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক শ্রেণীর ব্যবসায়ী ও তেল বিক্রেতারা গুজব এবং সংকট সাজিয়ে তেল নাই তেল নাই বলে তেলের বাজার গরম করে দিয়েছে সারা দেশে। সংকটের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে হাহাকার দেখা দিয়েছে ।
পাম্পে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা-
আতঙ্কিত ক্রয় : মধ্যপ্রাচ্য সংকটের কারণে দেশে তেলের অভাব হতে পারে—এমন গুজবে গত ৫ মার্চ থেকে ঢাকা ও চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে।
সারারাত অপেক্ষা-
বাইকার এবং গাড়িচালকরা ট্যাংক পূর্ণ করার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন। এমনকি অনেক পাম্প গভীর রাত পর্যন্ত খোলা রেখেও ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে।
মারামারি ও সংঘাত-
তেল পাওয়া নিয়ে লাইনে দাঁড়ানো ক্রেতাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। ঝিনাইদহে পাম্পে তেল না পেয়ে প্রতিবাদ করায় শ্রমিকদের পিটুনিতে একজন যুবক নিহত হওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে ।
সরকারের রেশনিং ও বিক্রয় সীমা-
পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ মার্চ ২০২৬ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) যানবাহনভেদে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে-
মোটরসাইকেল: সর্বোচ্চ ২ লিটার (প্রতিদিন)।
প্রাইভেট কার: সর্বোচ্চ ১০ লিটার।
জিপ/মাইক্রোবাস: সর্বোচ্চ ২৫ লিটার।
বাস/ট্রাক: ৮০ থেকে ২২০ লিটার পর্যন্ত ।
কৃত্রিম সংকট ও কালোবাজারি-
অনেক পাম্প মালিক ‘তেল নেই’ বলে সাধারণ ক্রেতাদের ফিরিয়ে দিলেও পেছনের দরজা দিয়ে ড্রাম বা কন্টেইনারে করে বেশি দামে তেল বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
জরিমানা-
নোয়াখালীর চাটখিলে কৃত্রিম সংকট তৈরির অপরাধে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
সরকারের অবস্থান-
সরকার বারবার আশ্বস্ত করছে যে দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে এবং এই মাস পর্যন্ত কোনো ঘাটতি হবে না । জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, তেলের দাম বাড়ানোর কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই, তবুও গুজব ছড়ানোর ফলে চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ।
পাম্প শ্রমিকদের পিটুনিতে নিহত নিরব হোসেন
ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাকবিতণ্ডা এক পর্যায়ে পাম্প শ্রমিকদের পিটুনিতে নিরব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের বকুলতলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করেছে র্যাব-৬।
ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানায়, শহরের তাজ ফিলিং স্টেশনে রাতে মোটরসাইকেলে তেল নিতে যায় নিরব হোসেন। তখন পাম্প শ্রমিকরা বলে তেল নেই পাম্প বন্ধ আছে। পরে অন্য পাম্পে গিয়ে তেল না পেয়ে তারা ফেরার সময় দেখে ওই পাম্পে বোতলে তেল দেয়া হচ্ছে। তখন তারা শ্রমিকদের বলে আপনারা আমাদের তেল দিলেন না, এখন আবার বিক্রি করছেন।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পাম্প শ্রমিকরা নিরব হোসেনকে মারপিট করে। তখন সে বাসায় ফিরে গিয়ে অসুস্থ বোধ করলে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল সুমন বলেন, নিহতের শরীরে কয়েকটি আঘাতের ক্ষত আছে। হতে পারে ওই আঘাতে অভ্যন্তরীণ কোনও কারণে তার মৃত্যু হয়েছে।




