ভোটের ঘুষে ধরা বিএনপি জোটের মুফতি মনিরকে দেড় লাখ জরিমানা
নারী ভোটারদের প্রকাশ্যে নগদ ২ হাজার টাকা বিলিয়ে বিএনপি জোটের প্রার্থী বাংলাদেশ জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমী দেড় লাখ টাকা জরিমানা গুনলেন
ফতুল্লা প্রতিনিধি : স্কুলের পুরস্কার বিতরনের মধ্যে নারী ভোটারদের প্রকাশ্যে নগদ ২ হাজার টাকা বিলিয়ে ভোট ভিক্ষায় হাতেনাতে ধরা পড়ে দেড় লাখ টাকা জরিমানা গুনলেন বিএনপি জোটের প্রার্থী। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে। এই আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধরা পড়েছেন বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমী। নারী ভোটারদের মাঝে প্রকাশ্যে টাকা বিতরণের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তার প্রতিনিধিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকার লিটল জিনিয়াস স্কুলে আয়োজিত একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হন মুফতি মনির হোসেন কাসেমী। অভিযোগ রয়েছে, স্কুলের নির্ধারিত পুরস্কারের পাশাপাশি তিনি নিজ পকেট থেকে নারী ভোটারদের হাতে দুই হাজার টাকা করে তুলে দেন। এ সময় তার অনুসারীরা প্রকাশ্যে ভোট প্রার্থনাও করেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। অনেকে একে সরাসরি ‘টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা’ বলে আখ্যা দেন। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো প্রার্থী উপস্থিত হয়ে ভোট চাওয়া বা নির্বাচনী প্রচারণা চালাতে পারেন না। সেই সঙ্গে টাকা বিতরণ গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত।
ঘটনার পরপরই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর জানান, “শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করা হয়েছে, যা সরাসরি আচরণবিধি লঙ্ঘন। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত প্রতিনিধিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।”
সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কেউ যদি টাকা বিতরণ করে, সেটি অবশ্যই অপরাধ। বিষয়টি গুরুত্ব সহকারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”এ বিষয়ে জানতে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।




