• রোববার , ৮ মার্চ ২০২৬

জাপা অফিস দখল রওশনপন্থিদের


প্রকাশিত: ১০:৪০ পিএম, ২ ফেব্রুয়ারি ২৪ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১১৮ বার

 

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে দখলে নিয়ে দলের প্রয়াত চেয়ারম্যান ও প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রওশনপন্থি নেতারা।
শুক্রবার সকালে জাতীয় পার্টির অন্তর্বর্তীকালীন মহাসচিব কাজী মামুনুর রশীদের নেতৃত্বে শ্রদ্ধা জানান এবং কার্যালয়ে প্রবেশ করেন। প্রথমে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।এরপর মোনাজাত করা হয়।

কার্যালয়ে প্রবেশ করে কাজী মামুনুর রশীদ বলেন, আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলাম। আমরা দলকে এগিয়ে নিতে নিজেদের ঐক্যবদ্ধ করছি। সাবেক চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু দলের বিস্তর ক্ষতি করেছেন। দলের ইমেজ নষ্ট করেছেন। আমরা দলকে পুনরায় শক্তিশালী করছি।

পার্টি চেয়ারম্যান বেগম রওশন এরশাদ দলের দায়িত্ব নেওয়ার পর দলে প্রাণ ফিরে এসেছে জানিয়ে তিনি বলেন, আমরা জাতীয় পার্টিতে তাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। জিএম কাদের, মুজিবুল হক চুন্নুর জন্য দলের বেহাল অবস্থা। তাদের নেতৃত্বে দলের নেতাকর্মীদের আর আস্থা নাই। আজ থেকে জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুর চ্যাপ্টার ক্লোজ। নেতা- কর্মীরা তাদের নাম শুনতে চায় না।

এসময় আরও উপস্থিত ছিলেন জাপার নবনিযুক্ত মুখপাত্র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তর জাপার আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, মহানগর জাপার সদস্য সচিব ও পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ। তারা ঢাকা মহানগর কার্যালয়ে ১ ঘণ্টা অবস্থান করেন।