এবার এনসিপির নেত্রীর লাশ মিলেছে হোস্টেলে
স্টাফ রিপোর্টার : রাজধানীর জিগাতলার একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাত আরা রুমী (৩২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হাজারীবাগ থানাধীন জিগাতলার জান্নাত নারী হোস্টেলের পঞ্চম তলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে জান্নাত আরা রুমী এনসিপির ধানমণ্ডি শাখার একজন নারী নেত্রী ছিলেন। তার বাবার নাম মো. জাকির হোসেন।এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান দৈনিক সত্যকথা প্রতিদিন কে জানান, এনসিপির নেত্রী জান্নাত আরা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি জিগাতলার ওই ছাত্রী হোস্টেলের একটি কক্ষে একা থাকতেন। সকালে খবর পেয়ে পুলিশ ওই হোস্টেলে যায়। পুলিশ ও ছাত্রী হোস্টেলের বাসিন্দারা জান্নাত আরাকে ডাকাডাকি করে কোনো শব্দ পাননি। কক্ষটির ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। একপর্যায়ে পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় জান্নাত আরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে জান্নাত আরার মরদেহ উদ্ধারের ঘটনায় বেলা সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে পোস্ট দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সেখানে তিনি জানান, গত মাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধানমন্ডি ৩২ নম্বরে জিয়ার কবর খুঁড়তে চাওয়া রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজনকে পিটিয়ে পুলিশের কাছে দিয়েছিলেন জান্নাত আরা। এর পর থেকে আওয়ামী লীগ জান্নাত আরাকে সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকি দিচ্ছিলেন বলে তারেক রেজা তাঁর পোস্টে জানান। ওই পোস্টে তারেক রেজা আরও লেখেন, এ কারণে জান্নাত আরা রাতে আত্মহত্যা করেছে।




