• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

ইরানের গাদ্দারদের কারণে খামেনি পারিষদসহ নিহত


প্রকাশিত: ৬:০০ পিএম, ১ মার্চ ২৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১১০ বার

গাদ্দাররা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির গোপন মিটিংয়ের অবস্থান নিশ্চিত করে দেয় যা তথ্য প্রযুক্তির নিখুঁত সহায়তায় রাডারে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান চালিয়ে শনিবার ভোরের দিকে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করতে সক্ষম হয়।

 

 

লাবণ্য চৌধুরী : ইরানী গাদ্দারদের কারণে তথ্য ফাঁস হয়ে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গাদ্দাররা নিশ্চিত করে দেয় গোপন মিটিংয়ের অবস্থান। যা তথ্য প্রযুক্তির নিখুঁত সহায়তায় রাডারে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান চালিয়ে শনিবার ভোরের দিকে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করতে সক্ষম হয়।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলি গোয়েন্দাদের শেষ মুহূর্তের তথ্যের ভিত্তিতে তেহরানে উচ্চপর্যায়ের অত্যন্ত গোপনীয় এক বৈঠক চলাকালীন ওই অভিযান পরিচালনা করা হয়। একেবারে গোপনীয় এবং সুরক্ষিত কক্ষে বৈঠকের সময় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নিখুঁত হামলা ইরানি নিরাপত্তা বাহিনীকে সেই সময় পুরোপুরি অপ্রস্তুত করে দেয়।

ইরানের নিরাপত্তা বাহিনী ও মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে। রয়টার্সকে একাধিক মার্কিন সূত্র বলেছে, খামেনি শনিবার সকালে তেহরানের মধ্যাঞ্চলের একটি সুরক্ষিত ভবনে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসছেন বলে গোয়েন্দারা নিশ্চিত করেছিলেন।মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গত কয়েক মাস ধরে খামেনিকে নজরদারিতে রেখেছিল এবং তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে ছিল। সেসব তথ্য প্রতি মুহূর্তে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে ভাগাভাগি করে আসছিল সিআইএ।

গাদ্দারি’তে নিহত খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুরুতে রাতের দিকে ইরানে হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু ইসরায়েলি গোয়েন্দারা জানতে পারেন, খামেনির নির্ধারিত বৈঠকটি সন্ধ্যার পরিবর্তে শনিবার সকালেই শুরু হয়েছে। গোয়েন্দাদের এই তথ্যের ভিত্তিতে অভিযান দ্রুত এগিয়ে নেওয়া হয়।মার্কিন সূত্র বলেছে, শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে খামেনির বৈঠকের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই মার্কিন-ইসরায়েলের যৌথ বিমান ও নৌ হামলা শুরু হয়।

পরিকল্পনা অনুযায়ী, প্রথমে ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ সময় পেলে তিনি আত্মগোপনে যেতে পারেন; এমন ধারণা ছিল মার্কিন গোয়েন্দাদের।ইরানি দুটি নিরাপত্তা সূত্র বলেছে, হামলার কিছুক্ষণ আগেই ইরানের সর্বোচ্চ এই নেতা দেশটির প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি আলী শামখানি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানির সঙ্গে বৈঠক করেছিলেন।

ইসরায়েলি সময় ভোর ৬টায় শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রের কয়েক ডজন যুদ্ধবিমান তেহরানে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় নেয়। সকাল ৯টা ৪০ মিনিটে খামেনির ব্যাপক নিরাপত্তা বেষ্টিত ভবনে ৩০টি বোমা ফেলে তা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, মার্কিন ট্র্যাকিং সিস্টেম খামেনির অবস্থান শনাক্ত করেছিল এবং এই হামলায় তাকেসহ অন্য ইরানি নেতাদের হত্যা করা হয়েছে। ইসরায়েলের জ্যেষ্ঠ এক কর্মকর্তাও খামেনির মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।ইসরায়েল বলেছে, খামেনির সঙ্গে আলী শামখানি এবং আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপুরসহ কয়েকজন সামরিক ও রাজনৈতিক নেতাও নিহত হয়েছেন।

শোকে কাতর ইরান

রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ইসরায়েলি-মার্কিন হামলায় শামখানি ও পাকপুরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এছাড়া বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সৈয়দ মজিদ মুসাভি এবং গোয়েন্দা উপমন্ত্রী মোহাম্মদ শিরাজিসহ প্রায় ৪০ জন কর্মকর্তা ওই যৌথ হামলায় নিহত হয়েছেন।দেশটির বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির পরিবারের কয়েকজন সদস্যও হামলায় প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে তার মেয়ে, জামাতা, নাতি এবং এক পুত্রবধূ রয়েছেন। পরে ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভির মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে।

খামেনির দায়িত্ব পাচ্ছে – ৩ সদস্যর কাউন্সিল

ইরান এই ঘটনায় ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামলার আদেশদাতারা শিগগিরই তাদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করবে। খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার বলেছেন, সংবিধান অনুযায়ী ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ দ্রুত নতুন নেতা নির্বাচন করবে।
অন্তর্বর্তীকালীন সময়ে প্রেসিডেন্ট, বিচার বিভাগীয় প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আলেমকে নিয়ে গঠিত তিন সদস্যের কাউন্সিল খামেনির দায়িত্ব পালন করবে।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বলছে, খামেনির স্থলাভিষিক্ত হিসেবে আইআরজিসির কট্টরপন্থীরা ক্ষমতায় আসতে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানকে ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এর ফলে একটি কূটনৈতিক সমাধানের পথ সুগম হয়েছে। মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে নেতৃত্ব দেওয়ার জন্য কয়েকজন ভালো প্রার্থী রয়েছেন।

খামেনি ও তার পরিবার ‘নৃশংস’ হত্যাকাণ্ডের শিকার: পুতিন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।রোববার (১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক শোকবার্তায় পুতিন বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নিয়মের নির্লজ্জ লঙ্ঘনের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’

ইরানে গুন্ডামী চালাচ্ছে আমেরিকা ইসরায়েল-উত্তর কোরিয়া

ইরানে ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‌‌‘‘অবৈধ আগ্রাসন’’ হিসেবে আখ্যা দিয়ে এর চরম নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলাকে ইরানের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান প্রত্যাশিতই ছিল।
যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং গুণ্ডামিসুলভ আচরণে এমন ঘটনা অনিবার্য বলেও মন্তব্য করেছেন তিনি।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘‘আগ্রাসনের যুদ্ধ’’ কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ওই অঞ্চলের সব দেশ এবং যাদের অভিন্ন স্বার্থ রয়েছে, তাদের দায়িত্ব নেওয়া উচিত।

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা

ওমানের সমুদ্রবিষয়ক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, দেশটির মুসানদাম এলাকা থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পালাউয়ের পতাকাবাহী ওই জাহাজ লক্ষ্য করে এ আক্রমণ চালানো হয়।

আমিরাতে ১৩৭ ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান

ইরান সংযুক্ত আরব আমিরাতে ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রোববার (১ মার্চ) আল-জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়।

এবার প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহতের তথ্য নিশ্চিত করল ইরান-

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি নিহত হয়েছেন। শনিবারের (২৮ ফেব্রুয়ারি) হামলায় তারা নিহত হন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা-সংঘর্ষ, নিহত ৬

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন দূতাবাসের কাছে সহিংস দাঙ্গায় ছয়জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরা ও পাকিস্তানের গণমাধ্যম বলছে, রোববার (১ মার্চ) বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করার পাশাপাশি মার্কিন দূতাবাস প্রাঙ্গনে প্রবেশের চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং এ হতাহতের ঘটনা ঘটে।

একদিনে ইরানে ১২০০ বোমা ফেলল ইসরায়েল

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে একদিনে ইরানের ওপর ১২০০টির বেশি বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি বিমানবাহিনী। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানানো হয়েছে। সেখানে চালানো হামলায় প্রায় দেড়শো মানুষ নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে নিরীহ শিশুদের হত্যার জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। খবর আল জাজিরা

সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

শুধু ইসরায়েল নয় মুসলিমপ্রধান দেশ সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১ মার্চ) এক বিশেষ প্রতিবেদনে চমকপ্রদ এ তথ্য ফাঁস করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তারা জানিয়েছে, সৌদি আরব মুখে কূটনীতির কথা বললেও ইরানে হামলা করার জন্য গোপনে যুক্তরাষ্ট্রকে চাপ দেয়া অব্যাহত রেখেছিল। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

সীমা অতিক্রম করেছে ট্রাম্প-নেতানিয়াহু-ইরান

ট্রাম্প ও নেতানিয়াহু সীমা অতিক্রম করেছে, তাদের মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের। ইরানি টেলিভিশনে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের একটি রেকর্ড করা ভিডিও বার্তা প্রচার করা হয়েছে। সেখানেই তিনি এ হুঁশিয়ারি দেন।