• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ


প্রকাশিত: ১১:২৭ পিএম, ৯ ডিসেম্বর ২৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৭১ বার

স্টাফ রিপোর্টার : ইতালি থেকে জঙ্গি বিমান ইউরোফাইটার টাইফুন (মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট-এমআরসিএ) কিনতে আলোচনা চলছে। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার ৯ ডিসেম্বর ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

এ উপলক্ষে বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে জানানো হয়েছে, বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এলওআই সই অনুষ্ঠানের সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল আহসানসহ দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখসারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক এমআরসিএর অংশ হিসেবে এই এলওআইয়ের লেটার অব ইনটেন্টের আওতায় লিওনার্দো ইউরোফাইটার টাইফুন জঙ্গি বিমান সরবরাহ করবে।