• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

আল জাজিরায় আমীরের সাক্ষাৎকারের পর জামায়াতের ‘মহিলা সমাবেশ’ স্থগিত


প্রকাশিত: ১১:৪২ পিএম, ২৯ জানুয়ারী ২৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৬৩ বার

বিশেষ প্রতিনিধি : কাতার ভিত্তিক আল জাজিরায় বাংলাদেশী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের সাক্ষাতকার প্রকাশের পর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত ৩১শে জানুয়ারির ‘মহিলা সমাবেশ’ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। বৃহস্পতিবার বিকালে মহিলা বিভাগের ফেসবুক পেজে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে বলা হয়- ‘অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।

আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, কোনো নারী কখনো তার দলের আমির হতে পারবেন না, কেননা তার ভাষায়, আল্লাহ নারীদের ‘সেভাবে’ সৃষ্টি করেননি এবং এটা ‘পরিবর্তনযোগ্য নয়’। তার দাবি, আসন্ন নির্বাচনে কোনো দলই ‘উল্লেখযোগ্য সংখ্যক’ নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি, কারণ এটা ‘বাংলাদেশের একটি সাংস্কৃতিক বাস্তবতা’ এবং বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’।

বিস্তারিত পড়ুন : https://dailysottokothaprotidin.com/2026/01/29/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a4/

এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো ৩১শে জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।মূলত নির্বাচনের প্রচারণায় অংশ নিতে গিয়ে সারাদেশে নারী হেনস্তা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছিলো।

তিনি বলেছিলেন, ৩১শে জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। এই প্রথমবার বলা যায় আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।