• শুক্রবার , ৬ মার্চ ২০২৬

আলাদিনের চেরাগে বেলাল চৌধুরী ট্রাইব্যুনালের বিচারক!


প্রকাশিত: ৪:১১ এএম, ৯ অক্টোবর ২৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৪ বার

প্রায় ৫ কোটি টাকার সম্পদ গোপনসহ সারাদেশে জমি ফ্ল্যাট প্লট কোম্পানির শেয়ারের মালিক এনবিআর কর্তা বেলাল চৌধুরী এবার প্রাইস পোস্টিং পেলেন। দুদক মামলাও করেছে তার বিরুদ্ধে। কিন্তু তাতে কি আলাদিনের চেরাগে সব যেন গুড়েবালি!

 

শফিক রহমান : দুদকের তদন্তে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়ে প্রায় ৫ কোটি টাকার সম্পদ গোপন করাসহ ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীতে নিজ নামে জমি, ফ্ল্যাট, প্লট ও কোম্পানির শেয়ার থাকা সেই এনবিআর কর্মকর্তা বেলাল চৌধুরী এবার প্রাইস পোস্টিং পেলেন।এই প্রাইস পোস্টিংয়ের আগে দুদক মামলাও করেছে তার বিরুদ্ধে। কিন্তু তাতে কি আলাদিনের চেরাগে সব যেন গুড়েবালি করে মসনদে বসলেন বেলাল চৌধুরী।

খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জন ও গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলার একদিন পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে কাস্টমস, এক্সাইজ ও মূসক ট্রাইব্যুনালে প্রেসিডেন্ট পদে বদলি করা হয়েছে।

বুধবার ৮ অক্টোবর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ আদেশ জারি করে মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) থেকে ট্রাইব্যুনালে বদলি করে। ‘জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’ বলে উল্লেখ করা হয়।এর আগে গতকাল ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও গোপনের অভিযোগে দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় এ মামলা করেন।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনাল এনবিআরের অধীনে একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান। যার মূল কাজ হলো আপিল শুনানি ও নিষ্পত্তি। সারা দেশের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সংক্রান্ত বিষয়ে কমিশনার (আপিল) বা অন্যান্য কর্তৃপক্ষের সিদ্ধান্তে অসন্তুষ্ট করদাতারা বা ব্যবসায়ীরা এখানে আপিল করতে পারেন।ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট আপিল শুনানি পরিচালনা ও রায়ের মাধ্যমে শুল্ক ও ভ্যাট সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করেন।

দুদকের মামলার সঙ্গে বদলির সম্পর্ক রয়েছে কি না—জানতে চাইলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, এই বদলি একটি দপ্তরের কাজের অংশ। এখানে দুদকের মামলারও একটা ভূমিকা আছে।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হওয়ার পর কাউকে অন্যত্র বদলি করা গ্রহণযোগ্য নয়। এ ধরণের বদলির মানে হলো, তার অপকর্মের ক্ষেত্র পরিবর্তন করে নতুন করে সুযোগ দেওয়া।’

তিনি বলেন, সরকারের উচিত হবে, দুদকের মামলার বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে রাখা। ন্যায় ও সুশাসনের স্বার্থে অবশ্যই অভিযুক্ত কর্মকর্তাকে বদলির আদেশ স্থগিত করে সাময়িক বরখাস্ত করতে হবে।এর আগে বেলাল চৌধুরী ইন্দোনেশিয়ার জিও নিয়ে অস্ট্রেলিয়া গেলে দুর্নীতিতে অভিযুক্ত এই এনবিআর সদস্য। এ নিয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে সময় বৃদ্ধির আবেদনও করেছেন তিনি।

দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন, সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছেন এবং প্রায় ৫ কোটি টাকার সম্পদ গোপন করেছেন।