• মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬

আজ বিকেলেই সব ট্রেন চলবে


প্রকাশিত: ২:৪৯ পিএম, ২১ আগস্ট ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০৩ বার

বিশেষ প্রতিনিধি :  ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হবে আজ সোমবার বিকালে।  আজ দুপুর train-www.jatirkhantha.com.bd২টার মধ্যে সেতু পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হবে। গতকাল রোববার দুপুর থেকে এখন পর্যন্ত পৌলী রেল সেতুর মেরামতের কাজ চলছে। বিকালের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে। এজন্য রেলের দক্ষ কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জাতিরকন্ঠকে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী মো. রমজান আলী।

তিনি বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ওই সেতুর ওপর দিয়ে প্রথমে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনটি ছেড়ে যাবে। এরপর আটকাপড়া অন্যান্য ট্রেনগুলো একে একে ছেড়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রোববার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলী নদীর ওপর রেল সেতুর অ্যাপ্রোচের ২০ ফুট অংশ ও অন্তত ২৫টি গার্ডার নদীতে ভেঙে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন ট্রেনযাত্রীরা। তবে ভাঙন রোধে তাৎক্ষণিকভাবে বালির বস্তা ফেলা শুরু হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী বলেন, রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে এখন আমরা মাঠপর্যায়ে কাজ করছি। ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করতে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রায় সাড়ে ৩শ’ শ্রমিক দিন-রাত কাজ করছেন। জয়দেবপুর এবং পাকশী থেকে অভিজ্ঞ প্রকৌশলী দলও তাদের সঙ্গে রয়েছে।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন মাস্টার জালাল উদ্দিন জানান, সকাল সাড়ে ৫টার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যমুনা নদীর ওপর অবস্থিত কালিহাতি উপজেলার পৌলী রেল ব্রিজ এলাকা অতিক্রম করার পরপরই পৌলী রেল ব্রিজের ৩০ ফিট এলাকাজুড়ে অ্যাপ্রোচ অংশ ধসে পড়ে।

বন্যার পানিতে মাটি নরম হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। এতে রেললাইনের নিরাপত্তাজনিত কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। ঘটনাস্থলে নীলফামারীর চিলাহাটির থেকে ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে।

এছাড়া বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো জয়দেবপুর রেল স্টেশনে আটকা পড়ে।