অর্থ পাচার করছে বিদেশী এয়ারলাইন্স-৯টির হিসাব জব্দ করেও টনক নড়ছেনা
বিশেষ প্রতিবেদক.ঢাকা: অর্থ পাচার করছে বিদেশী এয়ারলাইন্স গুলো। ৯টির হিসাব জব্দ করেও টনক নড়ছেনা সংস্থাগুলোর। বাংলাদেশের অর্থও পাচার করছে সংস্থাগুলো। এ অ
বস্থায় বাংলাদেশের নিয়মনীতি না মেনে ও ভুল তথ্য দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করায় বিদেশি এয়ারলাইন্স গুলোর ওপর কড়া নজরদারি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক ।
সূত্র জানায়, বিদেশি যেসব এয়ারলাইন্স বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে তাদের বাংলাদেশ কার্যালয়ে কর্মরত কর্মীদের বেতন নিজ নিজ দেশ থেকে বৈদেশিক মুদ্রায় এনে পরিশোধ করার কথা। কিন্তু তারা তা করছে না। বরং বাংলাদেশ থেকে প্রাপ্ত অর্থ নানা অসত্য তথ্য দিয়ে নিজ দেশে নিয়ে যাচ্ছে। এর ফলে বাংলাদেশে এই খাতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আসার কথা ছিলো তা আসছে না। বরং বাংলাদেশের অর্থ এসব এয়ারলাইনস তাদের দেশে নিয়ে যাচ্ছে।
এছাড়াও বিদেশি এয়ারলাইনসগুলোতে আরো নানা অনিয়ম ধরা পড়েছে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে।গত এক বছরের বিভিন্ন সময়ে ১০টিরও বেশি বিদেশি এয়ারলাইনসের ব্যাংক একাউন্ট ব্লক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, বিদেশি এয়ারলাইনসগুলোকে গত দুই বছরেরও বেশি সময় ধরে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিকভাবে তাদের অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়েছে। কিন্তু তারা তা আমলে না নিয়ে নিজেদের ইচ্ছা মতোই কার্যক্রম পরিচালনা করছে।
ওই কর্মকর্তা বলেন, বছর খানেক আগে থেকে পরিদর্শন কার্যক্রমে যাদের অনিয়ম পাওয়া গেছে তাদের একাউন্ট ব্লক করে দেওয়া হয়। এমন এয়ারলাইনসের সংখ্যা ১০টির কম নয়। তবে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের শর্ত মেনে ভুল সংশোধন করায় তাদের কার্যক্রম পুনরায় পরিচালনা করার অনুমতি দেওয়া হয়। কিন্তু তাদের ওপর বর্তমানে কড়া নজর রেখেছে বাংলাদেশ ব্যাংক। তারই অংশ হিসেবে তাদের প্রতিদিনের লেনদেন অনলাইন নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে।
তবে এ বিষয়ে বিদেশি কোনো এয়ারলাইনসের কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক কখনোই কোনো অনিয়মকে প্রশ্রয় দেয়নি, দেবেও না। অনিয়ম ঠেকাতে আমরা সব কাজই এখন অনলাইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।
বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে প্রায় ২৮টি বিদেশি এয়ারলাইনস তাদের কার্যক্রম পরিচালনা করছে।



