অর্থমন্ত্রীর লা-জবাব খোশমেজাজে গভর্নর
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর লা জবাব হলেও নানামুখী আলোচনার মধ্যেও দায়িত্ব পাওয়া নতুন গভর্নর মোস্তাকুর রহমান ছিলেন খোশমেজাজে।
বিশেষ প্রতিনিধি : নানা বিতর্কে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের বিদায় নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর লা জবাব হলেও নানামুখী আলোচনার মধ্যেও দায়িত্ব পাওয়া নতুন গভর্নর মোস্তাকুর রহমান ছিলেন খোশমেজাজে। বৃহস্পতিবার বিকালে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে বের হবার সময় তাকে খোশমেজাজে দেখা গেছে। ওই সময় তাকে অর্থমন্ত্রীর কার্যালয়ে নিয়ে আসেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। প্রায় আধা ঘণ্টার বৈঠক শেষে গভর্নর মন্ত্রণালয়ের থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা জানতে চান, অর্থমন্ত্রীর সঙ্গে তার কী আলোচনা হল। কিন্তু কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান মোস্তাকুর রহমান।
পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অর্থমন্ত্রী। একজন সাংবাদিক প্রথমে প্রশ্ন করেন, যেভাবে গভর্নর আহসান এইচ মনসুরের বিদায় হল, এভাবে তাকে বিদায় করা দরকার ছিল কি না? উত্তরে অর্থমন্ত্রী বলেন, “কিছু বলার নাই।” আহসান এইচ মনসুরের এমন বিদায় ‘সঠিক’ ছিল কিনা–এমন প্রশ্ন করেন আরেক সাংবাদিক। জবাবে মন্ত্রী এবারও বলেন, “কিছুই বলার নাই।”
পরে নতুন গভর্নরের সঙ্গে প্রথম দিনের আলোচনায় কী কথা হল জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “নো কমেন্টস।”এরপর মন্ত্রণালয়ের থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে লিফটে উঠে পড়েন আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন গভর্নর বসানো হবে, এমন গুঞ্জনেরে মধ্যে বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংক ছাড়েন গভর্নর আহসান এইচ মনসুর। যাওয়ার আগে দেখেন তার বিরুদ্ধে বিক্ষোভ, প্রতিবাদ। পরে কর্মকর্তাদের তোপের মুখে অফিস ছাড়তে বাধ্য হন তার এক উপদেষ্টা।
এমন উত্তাপ ছড়ানো ঘটনাবলীর মধ্যে বিকালের দিকে ব্যবসায়ী ও হিসাববিদ মো. মোস্তাকুর রহমানকে গভর্নরের দায়িত্ব দেয় তারেক রহমানের বিএনপি সরকার। এর আগে অধিকাংশ ক্ষেত্রে সাবেক আমলা ও ব্যাংকারদের মধ্যে থেকে গভর্নর করা হলেও এবারই প্রথম একজন ব্যবসায়ীকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে।
হেরা সোয়েটার্স গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোস্তাকুর রহমান একসময় পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ এবং আবাসন ব্যবসাতেও যুক্ত ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ করেন মোস্তাকুর। ৩০ বছরের বেশি সময় ধরে তিনি করপোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন।
ব্যবসায়ী কোনো সংগঠনের নেতৃত্বে তাকে দেখা না গেলেও পেশাজীবী হিসেবে বিভিন্ন সংগঠনে সদস্য হিসেবে ছিলেন মোস্তাকুর রহমান। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে ২০২৫ সালের জুলাই থেকে কাজ করে আসছিলেন তিনি।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ অগাস্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়। তার নেতৃত্বে শুরু হয় ব্যাংক খাতের সংস্কারের কাজ। দেড় বছরের মাথায় অবশিষ্ট মেয়াদ বাতিলে করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে বুধবার আলাদা প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।




