‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব’ এসএসএফের নিরাপত্তা পাচ্ছেন খালেদা জিয়া
বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসাবে ঘোষণা করিল।’এর ফলে এখন থেকে খালেদা জিয়া এসএসএফের নিরাপত্তা পাবেন।
বিশেষ প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা দিচ্ছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১ এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসাবে ঘোষণা করিল।’
এর ফলে এখন থেকে খালেদা জিয়া এসএসএফের নিরাপত্তা পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছে বিএনপি।লিভারজনিত সংকট, কিডনি, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতায় গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ফুসফুসের সংক্রমণের কারণে তাঁকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে মেডিকেল টিম।
রোববার মেডিকেল বোর্ডে নতুন করে যুক্ত হয়েছেন লন্ডন ক্লিনিকের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসার সিদ্ধান্ত নিচ্ছে বলেও জানানো হয়।এছাড়া, লন্ডন থেকে নিয়মিত ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের কয়েকজন চিকিৎসক।




